পুজোয় ভেজাল খেলেই বিপদ! হুগলিতে ১৯ ব্যবসা বন্ধ, ১৩ লক্ষের খাবার বাজেয়াপ্ত

পুজোয় ভেজাল খেলেই বিপদ! হুগলিতে ১৯ ব্যবসা বন্ধ, ১৩ লক্ষের খাবার বাজেয়াপ্ত

দুর্গাপুজোর মুখে খাদ্য সুরক্ষায় বড়সড় পদক্ষেপ করল হুগলি জেলা প্রশাসন। রাজ্যজুড়ে চলা ভেজাল বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে জেলার ২৭০টি খাদ্য প্রতিষ্ঠানে আচমকা হানা দেয় বিশেষ অভিযানকারী দল। তাতেই সামনে এসেছে চমকপ্রদ তথ্য—পরীক্ষিত কেন্দ্রগুলির মধ্যে ২৫১টিতেই (প্রায় ৯৩ শতাংশ) মানা হয়নি খাদ্য সুরক্ষার ন্যূনতম বিধি।

প্রশাসনের কড়া পদক্ষেপের মুখে পড়ে ইতিমধ্যেই ১৯টি প্রতিষ্ঠানের ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ২৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৩টি দোকানের লাইসেন্স সরাসরি বাতিল করেছে প্রশাসন। অভিযানে মোট ১৩ লক্ষ ৮২ হাজার টাকার বেশি নিম্নমানের খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১ লক্ষ ১৩ হাজার ৪৩৮ টাকার খাবার ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।

হুগলির জেলা শাসক খুরশিদ আলি কাদরি জানান, পুজোর দিনগুলিতে জেলায় অস্থায়ী খাবারের স্টলসহ খাদ্য ব্যবসার পরিধি বাড়ে। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এই অভিযান আগামী দিনেও অবিরাম চলবে।

খাবারের মান নিয়ে সাধারণ মানুষের সরাসরি অভিযোগ জানানোর জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। খারাপ বা ভেজাল খাবার বিক্রি হতে দেখলে গ্রাহকরা সরাসরি টোল-ফ্রি নম্বর ১৮০০ ১১২ ১০০-এ ফোন করে অথবা foodsafetywb@gmail.com ইমেলে অভিযোগ জানাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *