“অভিষেকের ভয়ে এতদিন চুপ ছিলাম!” রাজসাক্ষী হতে চেয়ে সিবিআই-কে বিস্ফোরক চিঠি সন্তুর

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড়সড় মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কাছে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়। সিবিআই-কে দেওয়া এক বিস্ফোরক চিঠিতে সন্তুর দাবি, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব ও ভয়ে তিনি মুখে কুলুপ এঁটেছিলেন। কিন্তু এখন তিনি নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের সমস্ত সত্য প্রকাশ্যে আনতে চান।
চিঠির বয়ান অনুযায়ী, প্রাথমিকে বেআইনি নিয়োগের জন্য সন্তু ও কুন্তল ঘোষের কাছ থেকে মোট ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা পূর্ণ অর্থ জোগাড় করতে না পেরে ৩ কোটি ৫০ লক্ষ টাকা ( সন্তু ২২ লক্ষ এবং কুন্তল ৩.২৮ কোটি টাকা) সংগ্রহ করেন। সেই টাকা দুটি কালো ব্যাগে ভরে নিউ আলিপুরের ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর অফিসে নিয়ে যাওয়া হয় এবং সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে তুলে দেওয়া হয়।
সন্তুর অভিযোগ, দেড় কোটি টাকা কম থাকায় সুজয়কৃষ্ণ অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, “সাহেব রেগে যাবেন।” পরবর্তীতে বাকি টাকা না দিলে চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়া হবে না বলে তাঁদের হুঁশিয়ারি দেওয়া হয় এবং ওই সাড়ে তিন কোটি টাকা সরিয়ে রাখার নির্দেশ দেন অভিষেক নিজেই।
জামিনে মুক্ত হওয়ার পর সন্তু এই কথা তদন্তকারীদের জানানোর সিদ্ধান্ত নিলে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগ। বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত সন্তু গঙ্গোপাধ্যায় ইতোমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছেন এবং বিষয়টি কলকাতা হাইকোর্টকেও অবহিত করেছেন।