মণিপুরে ধরা পড়ল ৩ জঙ্গি, অরুণাচলে ড্রাগস উদ্ধার: উত্তর-পূর্বে আসাম রাইফেলসের জোড়া সাফল্য!

মণিপুরে ধরা পড়ল ৩ জঙ্গি, অরুণাচলে ড্রাগস উদ্ধার: উত্তর-পূর্বে আসাম রাইফেলসের জোড়া সাফল্য!

উত্তর-পূর্ব ভারতের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ স্তব্ধ করতে পরপর দুটি বড় সাফল্য পেল আসাম রাইফেলস। মণিপুরে চিরুনি অভিযান চালিয়ে বিপুল অস্ত্রশস্ত্র সহ তিন জঙ্গিকে গ্রেফতারের পাশাপাশি, অরুণাচল প্রদেশে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল মূল্যের হেরোইন।

মণিপুরে বিপুল অস্ত্রসহ সেনা জালে ৩ জঙ্গি

গত ১০ ও ১১ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে মণিপুরের চুরাচাঁদপুর জেলার মুনপি গ্রামসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় আসাম রাইফেলস। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অপারেশনে ‘ইউনাইটেড সোশ্যালিস্ট রেভোলিউশনারি আর্মি’ (USRA) নামক জঙ্গি সংগঠনের তিন সক্রিয় ক্যাডারকে হাতেনাতে পাকড়াও করা হয়।

ধৃতদের পরিচয় জানা গেছে— তারা হলো মুনপি গ্রামের বাসিন্দা খুয়াল, বিষ্ণুপুর জেলার নুংরাইয়ের বাসিন্দা মানে চিরু (৩০) এবং চুরাচাঁদপুরের নাথাল গ্রামের বাসিন্দা থাংলালমুয়ান (২৫)। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের তালিকায় রয়েছে:

  • ১টি ৭.৬২ এমএম এইচকেজি ৩ অ্যাসল্ট রাইফেল
  • ১টি ৫.৫৬ এমএম এ১ অ্যাসল্ট রাইফেল
  • ১টি ৫.৫৬ এমএম এম২২ অ্যাসল্ট রাইফেল
  • ২টি ৭.৬২ এমএম একে-৪৭ রাইফেল
  • বিভিন্ন রাইফেলের ৭টি ম্যাগাজিন, ২৯৮ রাউন্ড তাজা গুলি এবং ৫টি ট্যাকটিক্যাল পাউচ

অরুণাচলে ২৪ লক্ষের হেরোইনসহ ধৃত ২ মায়ানমার নাগরিক

অন্যদিকে, ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় মাদক পাচার ও অনুপ্রবেশ রুখতে অরুণাচল প্রদেশেও বড় সাফল্য পেয়েছে বাহিনী। গত ২৮ আগস্ট চাংলাং জেলার নামপং এলাকায় অভিযান চালিয়ে দুই অবৈধ মায়ানমার নাগরিককে আটক করে আসাম রাইফেলস। তল্লাশির সময় তাদের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ১৩০ গ্রাম উন্নতমানের হেরোইন উদ্ধার করা হয়।

আসাম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে সীমান্ত পারের অপরাধ, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সব সময় সতর্ক ও বদ্ধপরিকর। এই অভিযানগুলি সেই ধারাবাহিকতারই অংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *