বিদেশি চাকরির অফার প্রত্যাখ্যান! এবার দেশজুড়ে নদী সাফাইয়ের মহামিশনে বিট্টু তবাহি

বিদেশি চাকরির অফার প্রত্যাখ্যান! এবার দেশজুড়ে নদী সাফাইয়ের মহামিশনে বিট্টু তবাহি

একাই একটি নদীকে দুষণমুক্ত করে নজর কেড়েছিলেন মধ্যপ্রদেশের ২০ বছর বয়সি তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘বিট্টু তবাহি’ নামে পরিচিত। নিজের সঞ্চয়ের টাকা খরচ করে মধ্যপ্রদেশের ‘অজনার নদী’ থেকে টন টন প্লাস্টিক ও আবর্জনা সরিয়ে দীর্ঘদিন ধরে পরিষ্কারের কাজ করেছিলেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ প্রচেষ্টা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পরিবেশকর্মীদের কাছেও প্রশংসিত হয়েছে। বিশ্বখ্যাত সংস্থা ‘দ্য ওসিয়ান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ডাচ পরিবেশকর্মী বোয়ান স্লাটের নজর কাড়ে বিট্টুর এই উদ্যোগ, এবং সেখান থেকেই তিনি সরাসরি চাকরির অফার পান।

তবে আন্তর্জাতিক স্তরের সেই সুযোগকে একপাশে সরিয়ে আরও বড় লক্ষ্যের কথা ঘোষণা করেছেন বিট্টু। একটি নির্দিষ্ট সংস্থায় আবদ্ধ না থেকে তিনি এবার ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে নদী ও পরিবেশ পরিষ্কারের কাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি নতুন ভিডিওতে তিনি জানান, নদী পরিষ্কারের এই যাত্রায় দেশবাসী যেভাবে তাঁকে সমর্থন করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। বোয়ান স্লাটের চাকরির অফারের কথা উল্লেখ করে বিট্টু জানান, একটি জায়গায় থেমে না থেকে তিনি পুরো দেশজুড়ে পরিবেশ সচেতনতার কাজ ছড়িয়ে দিতে চান।

ভিডিওর শেষে নিজের ফলোয়ারদের কাছেই পরের গন্তব্য বেছে নেওয়ার দায়িত্ব দেন বিট্টু। তিনি প্রশ্ন করেন, “আমি এরপর কোন রাজ্যে গিয়ে সাফাই কর্মসূচি শুরু করব?” তাঁর এই প্রশ্নের পর ভিডিওর কমেন্ট বক্সে বিহার, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রসহ দেশের নানা প্রান্ত থেকে মান মানুষের আবেদনের বন্যা বয়ে যায়। নিজ নিজ এলাকার নদী পরিষ্কার করার জন্য তরুণ এই পরিবেশকর্মীকে আমন্ত্রণ জানান তাঁরা।

কোনো বড় সরকারি ফান্ড বা পেশাদার দলের সাহায্য ছাড়াই কেবল ব্যক্তিগত উদ্যোগ ও নিজের টাকায় অজনার নদীকে নতুন রূপ দিয়েছিলেন বিট্টু। কাজের ‘আগে ও পরে’র ছবি ও ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হন তিনি। বিট্টুর এই নতুন সিদ্ধান্ত প্রমাণ করে, পরিবেশ রক্ষার তাগিদ থাকলে সাধারণ উদ্যোগও কীভাবে এক দেশের বড় আন্দোলনে রূপ নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *