৯/১১-এর আগেই ভারতের বিরুদ্ধে হামলার ছক! সিআইএ-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

৯/১১ হামলার বহু বছর আগেই ভারতকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছিল ওসামা বিন লাদেনের আল-কায়দা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র (CIA) প্রকাশিত সম্প্রতি কিছু গোপন নথিতে এই তথ্য প্রকাশ্যে এসেছে। তবে নথিতে ভারতের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো হামলার তারিখ বা স্থান উল্লেখ করা হয়নি, এটিকে সম্ভাব্য টার্গেট হিসেবেই দেখা হয়েছে।
১১ সেপ্টেম্বরের হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে সিআইএ প্রায় ১০০ পৃষ্ঠার ৭১টি ‘প্রেসিডেন্টস ডেইলি ব্রিফ’ প্রকাশ করেছে। ১৯৯৮ থেকে ২০০১ সালের সময়কালের এই নথিগুলোতে দেখা যায়, ২৮ আগস্ট ১৯৯৮-এর একটি নথিতে ভারতকে সম্ভাব্য হামলার লক্ষ্যগুলির তালিকায় রাখা হয়েছিল। সেই সময় ভারতের পাশাপাশি পাকিস্তান, মিশর, কুয়েত, সৌদি আরব এবং ইয়েমেনের নামও উঠে এসেছিল।
নথি অনুযায়ী, সেই সময় আফগানিস্তানে ঘাঁটি গেড়েছিল আল-কায়দা। আমেরিকার ওপর হামলার পাশাপাশি ব্রিটেন এবং অন্যান্য দেশেও হামলার পরিকল্পনা চালাচ্ছিল তারা। সিআইএ-র মূল্যায়ন ছিল, লাদেন বিশ্বের অন্তত ৬০টি দেশে থাকা সহযোগী ও নেটওয়ার্ককে হামলার কাজে ব্যবহার করতে সক্ষম ছিলেন। ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে একাধিক গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্টদের বারবার সতর্কও করেছিল সিআইএ।
অবশেষে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়দার ১৯ জন সদস্য চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে ভয়াবহ হামলা চালায়। ২৫ বছর পর প্রকাশ্যে আসা সিআইএ-র এই নথিপত্র প্রমাণ করছে যে, বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিধি এবং সম্ভাব্য হামলার টার্গেট সম্পর্কে বহু আগেই ওয়াকিবহাল ছিল মার্কিন গোয়েন্দারা।