রোমাঞ্চকর ফাইনালে সাবালেঙ্কার স্বপ্ন ভাঙলেন রাইবাকিনা, গ্র্যান্ড স্ল্যামে গড়লেন ঐতিহাসিক নজির

ইতিহাস গড়ে কেরিয়ারের প্রথম ইউএস ওপেন (US Open) খেতাব জয় করলেন এলেনা রাইবাকিনা (Elena Rybakina)। আর্থার অ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি হারিয়ে দিলেন বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকা অ্যারিনা সাবালেঙ্কাকে (Aryna Sabalenka)। টানটান উত্তেজনায় ভরপুর এই রুদ্ধশ্বাস ফাইনালে সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ সেটে উড়িয়ে দেন রাইবাকিনা। ফ্লাশিং মিডোজ়ের গ্যালারিজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড়ের মাঝে প্রায় ২ ঘণ্টা ২১ মিনিটের এই লড়াইয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি।
ম্যাচ শুরুর আগেই নিজের রণকৌশল স্পষ্ট করে দিয়েছিলেন রাইবাকিনা। জানিয়েছিলেন, শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান তিনি। ফাইনালেও তার অন্যথা হয়নি। নিজের মূল অস্ত্র নিখুঁত ‘এস’ (Ace)-এর ওপর ভরসা রেখেই প্রতিপক্ষকে চাপে রাখেন। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপ পয়েন্টে একটি দুর্দান্ত এস মেরে ম্যাচ জিতে আনন্দে ফেটে পড়েন তিনি।
অন্যদিকে, ফ্লাশিং মিডোজ়ে টানা ২০টি ম্যাচ অপরাজিত থাকার পর ফাইনালে এসে হোঁচট খেলেন সাবালেঙ্কা। ওপেন এরা-তে তৃতীয় মহিলা টেনিস তারকা হিসেবে টানা তিন বছর ইউএস ওপেন জয়ের ঐতিহাসিক হ্যাটট্রিকের সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু ফাইনালে হার মানায় হতাশায় কোর্টেই র্যাকেট ভাঙতে দেখা যায় তাঁকে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারানোর নজির গড়লেন রাইবাকিনা, যা এর আগে ১৯৯৫ সালে গড়েছিলেন কিংবদন্তি স্টেফি গ্রাফ।
এদিনের ফাইনালে প্রথম থেকেই নিজের আধিপত্য বজায় রাখেন রাইবাকিনা। ৪৪ মিনিটের লড়াই শেষে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে কামব্যাক করেন সাবালেঙ্কা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৫ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান তিনি। কিন্তু নির্ণায়ক ও শেষ সেটে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন রাইবাকিনা। সাবালেঙ্কা কিছু ভুল করে বসলেও, শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে ৬-২ ব্যবধানে সেট ও ম্যাচ জিতে ইউএস ওপেন চ্য়াম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরেন রাইবাকিনা।