গণেশ পুজোয় তুলসী নিবেদন কেন নিষিদ্ধ? জেনে নিন পেছনের পৌরাণিক কাহিনী

রাত পোহালেই শুরু হচ্ছে সিদ্ধিদাতা গণেশের আরাধনা। ঘরে ঘরে গণপতির পুজো উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মোদক, লাড্ডু আর প্রিয় দূর্বা ঘাসে তুষ্ট হন বিঘ্নহর্তা। কিন্তু শাস্ত্র মতে, গণেশ পুজোয় এমন কিছু নিয়ম রয়েছে যা না মানলে বড় অমিল হতে পারে। এর মধ্যে প্রধান দুটি নিয়ম হলো গণেশ পুজোয় কখনই তুলসী পাতা নিবেদন করা যায় না এবং এই বিশেষ দিনে চাঁদের দিকে তাকাতেও কঠোর মানা রয়েছে।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, একবার তুলসী দেবী গণেশকে বিবাহের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এর জেরে উভয়ের মধ্যে অভিশাপের আদানপ্রদান হয়। পরবর্তীতে গণেশ আশীর্বাদ দেন যে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হবেন, তবে তাঁর নিজের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যাবে না।
অন্যদিকে, গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখার ওপর নিষেধাজ্ঞার পিছনেও রয়েছে এক চমকপ্রদ পৌরাণিক কাহিনী। একবার বাহন ইঁদুরের হোঁচটে গণেশ মাটিতে পড়ে গেলে চাঁদ উপহাস করেছিলেন। ক্রুদ্ধ হয়ে গণেশ চাঁদকে অভিশাপ দেন যে এই দিনে কেউ তাঁর দিকে তাকালে মিথ্যা কলঙ্ক বা অপবাদের শিকার হবেন। সেই থেকে গণেশ চতুর্থীর রাতে চাঁদ দেখা সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করা হয়।