“স্বপ্ন ভাঙছে লক্ষ লক্ষ তরুণের”—শিক্ষার বেহাল দশা কাটাতে ছাত্র-অভিভাবকদের সরাসরি পাশে চান রাহুল

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যে শিক্ষাব্যবস্থার কাজ ছিল যুবসমাজের ভবিষ্যৎ গড়ে তোলা, তা আজ লক্ষ লক্ষ কৃতি শিক্ষার্থীর স্বপ্ন চুরমার করে দিচ্ছে। লাগামহীন ফি-বৃদ্ধি, দুর্বল পরিকাঠামো এবং পরীক্ষার নানা অনিয়মের কারণে তরুণ প্রজন্ম চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
শিক্ষাব্যবস্থার এই অচলাবস্থা কাটাতে এবার সরাসরি ভুক্তভোগীদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন রাহুল। দেশের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে সরাসরি মতামত ও অভিজ্ঞতা জানতে তিনি একটি ডিজিটাল লিঙ্ক শেয়ার করেছেন। রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য, যাঁরা প্রতিদিন এই ব্যবস্থার ত্রুটিগুলোর মুখোমুখি হচ্ছেন, তাঁদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই কেবল শিক্ষাক্ষেত্রে প্রকৃত সংস্কার আনা সম্ভব।
উল্লেখ্য, ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অভিযানের অংশ হিসেবে এর আগেই কোটা, প্রয়াগরাজ, পাটনা ও পুনের মতো শহরের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন রাহুল। পরীক্ষা ঘিরে দেশজুড়ে যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, তাকে একটি সংগঠিত রূপ দিতে এবং শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করতেই এই সর্বভারতীয় গণ-মতামত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।