হাসপাতাল চত্বরে সাফাইকর্মীর ‘টেস্ট ড্রাইভ’! অ্যাম্বুল্যান্সের ধাক্কায় গুরুতর জখম ল্যাবকর্মী

হাসপাতাল চত্বরে সাফাইকর্মীর ‘টেস্ট ড্রাইভ’! অ্যাম্বুল্যান্সের ধাক্কায় গুরুতর জখম ল্যাবকর্মী

মালদা: মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লক গ্রামীণ হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্স নিয়ে সাফাইকর্মীর বেপরোয়া ‘টেস্ট ড্রাইভ’-এর জেরে ছড়াল তীব্র আতঙ্ক। অ্যাম্বুল্যান্সের ধাক্কায় স্থানীয় এক বেসরকারি ল্যাবরেটরির কর্মী গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হাসপাতালের একটি নবনির্মিত বাগানের লোহার ব্যারিকেডে সজোরে ধাক্কা মারলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান বহু রোগীর আত্মীয়।

বন্ধুর চাবি ও বেপরোয়া গতি সোমবার বেলা ১২টা নাগাদ হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক রূপম দাসের কাছ থেকে চাবি নেন সেখানে সাফাইকর্মীর কাজ করা সিটুল হরিজন। চাবি নিয়ে গাড়িটি ফাঁকা জায়গায় চালাতে গিয়েই ঘটে বিপত্তি। মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হাসপাতাল চত্বরে বনবন করে ঘুরতে থাকে। সেই সময় হাসপাতালে রোগীর রক্তের নমুনা নিতে আসা মহম্মদ রব্বানি নামে এক ল্যাবকর্মীকে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি।

পড়ল হাড়, মদ্যপ থাকার অভিযোগ কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সের সজোরে ধাক্কায় জখম রব্বানির পা-সহ শরীরের অন্তত তিনটি জায়গার হাড় ভেঙে গেছে। উপস্থিত রোগীর আত্মীয়দের অভিযোগ, অভিযুক্ত সাফাইকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন। চালক জানা সত্ত্বেও কীভাবে এক সাফাইকর্মীর হাতে গাড়ি চালানোর জন্য চাবি তুলে দিলেন, তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়।

তদন্তে প্রশাসন দুর্ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে অ্যাম্বুল্যান্স ফেলে এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত সিটুল। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের স্বাস্থ্য আধিকারিক পারভেজ আঞ্জুম জানিয়েছেন, পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ জানানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *