পুজোর আগেই ডেঙ্গুর থাবা: রাজ্যজুড়ে হটস্পট চিহ্নিত করে চলছে কড়া নজরদারি

পুজোর আনন্দের ঠিক আগে ডেঙ্গুর চোখ রাঙানি বাড়াচ্ছে উদ্বেগ। পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে বাড়তি নজরদারি। স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই ৮৫টি ব্লক, ২৭৮টি গ্রাম পঞ্চায়েত এবং ২৯টি পুরসভাকে ডেঙ্গুর ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে। যে এলাকায় ৫ থেকে ১০ জনের বেশি আক্রান্তের হদিশ মিলেছে, সেখানেই চালানো হচ্ছে বিশেষ তল্লাশি। রাজ্যজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই পাঁচ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ এবং দ্বিতীয় স্থানে কলকাতা। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের হার বেশি; বিশেষ করে কলকাতার শিয়ালদহ, বড়বাজার, টালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া, সিঁথি ও পাইকপাড়া এলাকায় একাধিক আক্রান্ত পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলায় শহরের পুজো প্যান্ডেলগুলোতেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে। জল জমে যাতে মশার লার্ভা না জন্মায়, সে বিষয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন স্বাস্থ্য আধিকারিকরা। আইসক্রিমের কাপ, চায়ের ভাঁড় বা পরিত্যক্ত পাত্রে যাতে জল না জমে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য দফতরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাঙ্কের ঢাকনা বন্ধ রাখা এবং ছাদে বা টবে জল জমছে কি না তা খতিয়ে দেখছেন। পাড়ার পুকুর, ডোবা ও পরিত্যক্ত জায়গায় লার্ভিসাইড ছড়ানোর পাশাপাশি সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।