‘আমরা কারও বিরুদ্ধে নই’, ব্রিকসে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থার ডাক মোদীর

‘আমরা কারও বিরুদ্ধে নই’, ব্রিকসে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থার ডাক মোদীর

নয়াদিল্লি: ১৮তম ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গ্লোবাল সাউথের অধিকার এবং বিশ্ব শাসনব্যবস্থার সংস্কারের দাবিতে সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমরা কারও বিরুদ্ধে নই, বরং সবাইকে সঙ্গে নিয়ে চলাই আমাদের লক্ষ্য।” পশ্চিমী দুনিয়াকে কৌশলী বার্তা দিয়ে মোদী বোঝাতে চেয়েছেন, ব্রিকস সংঘাতের কোনো অক্ষ নয়, বরং বিশ্বজোড়া সহযোগিতার এক ইতিবাচক মঞ্চ।

জনকেন্দ্রিক নেতৃত্ব ও গ্লোবাল সাউথের গুরুত্ব

ভারতের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী জোর দেন উদ্ভাবন, স্থায়িত্ব এবং মানবিকতার ওপর। তিনি জানান, ব্রিকসের নীতি ও কাজকে আন্তর্জাতিক কূটনীতির গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত করাই ছিল ভারতের প্রাথমিক উদ্দেশ্য। বর্তমান বৈশ্বিক নীতি-নির্ধারণের কাঠামোকে এক আসাম ‘পিরামিডে’র সঙ্গে তুলনা করে মোদী বলেন, “ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের একচ্ছত্র অধিকার ওপরের অল্প কয়েকটি দেশের হাতে পুঞ্জীভূত। আর সেই সিদ্ধান্তগুলোর ফল যাদের ভুগতে হয়, সেই গ্লোবাল সাউথের দেশগুলোর নিয়ম তৈরিতে কোনো ভূমিকাই থাকে না।” এই অসাম্য দূর করতে গ্লোবাল সাউথকে মূল চালিকাশক্তিতে পরিণত করার আহ্বান জানান তিনি।

আগামী ২০ বছরের রোডম্যাপ ও ইউএনএসসি সংস্কার

বিশ্ব জনসংখ্যার ৫০ শতাংশ, বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ২৫ শতাংশের প্রতিনিধিত্বকারী এই ব্লকের শক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী আগামী ২০ বছরের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচির প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, প্রতি বছর ব্রিকসের সভাপতিত্ব পরিবর্তন হলেও জোটের প্রাতিষ্ঠানিক অগ্রগতি এবং গতি যেন কোনোভাবেই থমকে না যায়। এর পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (UNSC) সংস্কার প্রসঙ্গেও ক্ষুরধার বার্তা দিয়ে মোদী জানান, এই বিশ্বমঞ্চের পুনর্গঠনে আর কোনো বিলম্ব মেনে নেওয়া যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *