নদীয়ায় ভেজাল ঘিয়ের কারবারে সাঁড়াশি হানা, বোতলবন্দি নমুনা বাজেয়াপ্ত করল পুলিশ ও খাদ্য দফতর

নদীয়ায় ভেজাল ঘিয়ের কারবারে সাঁড়াশি হানা, বোতলবন্দি নমুনা বাজেয়াপ্ত করল পুলিশ ও খাদ্য দফতর

নদীয়া: রাজ্যজুড়ে পচা খাবার ও ভেজাল পণ্যের বিরুদ্ধে খাদ্য দফতরের অভিযান এবার আরও জোরদার রূপ নিল। রেস্তোরাঁ, হোটেল ও মিষ্টির দোকানের পর এবার নদীয়া জেলার ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায় নকল ও ভেজাল ঘিয়ের কারবারিদের ডেরায় আচমকা হানা দিল পুলিশ ও প্রশাসন। সোমবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি), ফুড সেফটি আধিকারিক এবং শান্তিপুর থানার পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

নমুনা সংগ্রহ ও আইনি পদক্ষেপ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বুইচা ঘোষপাড়ার একাধিক ঘি প্রস্তুতকারক ও ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। সেখান থেকে নামী-বেনামী বিভিন্ন ব্র্যান্ডের ঘিয়ের গুণগত মান পরীক্ষা করা হয় এবং ল্যাবরেটরি টেস্টের জন্য সম্পূর্ণ বোতলসহ নমুনা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ল্যাব টেস্টের রিপোর্ট হাতে আসার পরই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে অভিযান চলাকালীন ঘি তৈরির জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কর্মীদের গ্লাভস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

ব্যবসায়ী মহলে চাঞ্চল্য সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে রাজ্যজুড়ে খাদ্য দফতর যে কড়া অবস্থান নিয়েছে, তার অঙ্গ হিসেবেই এই অভিযান। ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে নমুনা সংগ্রহের পাশাপাশি একাধিক ভেজাল কারবারির দোকান সিল করা হয়েছে। ফুলিয়ার এই আচমকা অভিযানে স্থানীয় অসাধু ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *