অন্ধ সন্দেহের চরম পরিণতি! প্রেমিকাকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন

অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে—এমনই অন্ধ সন্দেহের বশে প্রেমিকার ওপর চরম নৃশংসতা চালাল এক যুবক। রেল স্টেশন থেকে সোজা হোটেলের ঘরে ডেকে এনে তরুণীকে কাঁচি ও টেস্টার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিক অভিজিৎ কিনডোর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসামের কামরূপ গ্রামীণ জেলার রেঙ্গিয়া স্টেশন সংলগ্ন একটি হোটেলে।
ঘটনার বিবরণ পুলিশ সূত্রে খবর, নিহত ২২ বছর বয়সী তরুণী মালিনি গুড়িয়া আসামের সোনিতপুর জেলার বাসিন্দা। গত শনিবার চেন্নাই থেকে দুই বান্ধবীর সঙ্গে ট্রেনে চেপে রেঙ্গিয়া স্টেশনে নামেন মালিনি। স্টেশন থেকে তাঁকে রিসিভ করতে আসেন প্রেমিক অভিজিৎ। এরপর দুজনে মিলে স্টেশন সংলগ্ন একটি হোটেলে ওঠেন।
পরিকল্পিত হামলা পুলিশের দাবি, অভিজিৎ আগে থেকেই এই হামলার পরিকল্পনা করে রেখেছিল। নিহত তরুণী ফোনে অন্য পুরুষদের সঙ্গে কথা বলতেন—এই নিয়ে বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। অসন্তোষ ও সন্দেহের জেরেই শনিবার রাতে হোটেলে মালিনির ঘরে ঢুকে কাঁচি ও ইলেকট্রিক টেস্টার দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত।
পুলিশি পদক্ষেপ পরদিন সকালে নিজেই মালিনির বান্ধবীদের ডেকে খুনের কথা স্বীকার করে অভিজিৎ এবং আত্মহত্যার হুমকি দেয়। খবর পেয়ে রেঙ্গিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার করে গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠায়। আত্মহত্যার চেষ্টা করায় আহত অভিযুক্তকে চিকিৎসার পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেছে পুলিশ। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বিস্তারিত তদন্ত শুরু করেছে।