সিন্ডিকেট ও আর্থিক তছরুপ: আদালতে কড়া চার্জশিট পেশ, হুমকির মুখে সরকারি আইনজীবী

সিন্ডিকেট ও আর্থিক তছরুপ: আদালতে কড়া চার্জশিট পেশ, হুমকির মুখে সরকারি আইনজীবী

বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর বিরুদ্ধে বারাসাত আদালতে ফের নতুন চার্জশিট পেশ করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১১ ধারা (সংগঠিত অপরাধ)-সহ একাধিক ধারায় জমা দেওয়া এই চার্জশিটে দাবি করা হয়েছে, দম্পতির বেআইনিভাবে অর্জিত অর্থের একাংশ সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেস এবং ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে।

মামলার সরকারি আইনজীবী আদালতে জানান, এই জালিয়াতি ও বেআইনি লেনদেনের অঙ্ক অন্তত ১০০ কোটি টাকা। বিধানসভা নির্বাচনের আগেই বিপুল এই অর্থ আত্মসাৎ করে বেনামে ও পরিচিতদের অ্যাকাউন্টে সরানো হয়েছিল। পুলিশ ইতিমধ্যে বৈদ্যুতিন ও অন্যান্য নথিপত্র প্রমাণ হিসেবে পেশ করেছে। এদিকে, চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরকারি আইনজীবী জানান, এই মামলাটি লড়ার কারণে তিনি একটি হুমকি পেয়েছেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সিন্ডিকেট চালানো, জমি দখল, তোলাবাজি এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি আড়াল করার অভিযোগে গত ১ জুলাই পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ ও রাজ্য এসটিএফের যৌথ দল। এর আগে গত ৬ অগস্ট প্রথম দফায় চার্জশিট জমা পড়েছিল। কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ আবেদন করলে শিশুসন্তানের স্বার্থে অদিতি মুন্সী আইনি সুরক্ষা পেলেও দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও অব্যাহত এবং প্রয়োজনে পরবর্তীতে আরও অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) চার্জশিট পেশ করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *