দক্ষিণবঙ্গে আবার দুর্যোগ! রবি পর্যন্ত ঝড়-বৃষ্টির বড় সতর্কতা

সপ্তাহান্তে আবারও বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়ার মেজাজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় হাওয়ার দাপট ও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে উঠবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আজ দুপুর বা বিকেলের পর থেকেই তিলোত্তমায় বৃষ্টির দাপট বাড়বে। বৃষ্টি চলাকালীন শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
যে জেলাগুলোতে বেশি প্রভাব পড়বে বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির দাপট অন্যান্য জেলার তুলনায় বেশি থাকার আশঙ্কা রয়েছে। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গের স্থিতি ও ঘূর্ণাবর্তের প্রভাব উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ অঞ্চল থেকে রাঁচি ও দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়ালে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।