টিউশন দিদিমণিকে কুপ্রস্তাব ও অশালীন আচরণ, এলাকায় বিক্ষোভের মুখে ধৃত আইনজীবী বাবা

টিউশন দিদিমণিকে কুপ্রস্তাব ও অশালীন আচরণ, এলাকায় বিক্ষোভের মুখে ধৃত আইনজীবী বাবা

বনগাঁ: গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বিভূতি পল্লী এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম স্বপন শিকদার। পেশায় আইনজীবী স্বপনবাবুর এই আচরণে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে স্বপনবাবুর ছোট মেয়েকে পড়াতে গিয়েছিলেন ওই তরুণী শিক্ষিকা। পড়া শেষ হলে ছাত্রীর মা বাড়ি না থাকায় তরুণীকে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পরেই আদালত থেকে ফেরেন স্বপনবাবু। খুদে ছাত্রীটি পাশের বাড়িতে খেলতে গেলে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তরুণী শিক্ষিকাকে দাঁড় করিয়ে কথা বলতে শুরু করেন তিনি। অভিযোগ, কথাবার্তার একপর্যায়ে তিনি শিক্ষিকার শরীরে আপত্তিকর স্পর্শ করেন এবং কুপ্রস্তাব দেন।

কোনোক্রমে সেখান থেকে বেরিয়ে এসে তরুণী বিষয়টি নিজের পরিবারকে জানান এবং বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরও রাতভর পুলিশি পদক্ষেপ না থাকায়, বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা স্বপন শিকদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আপাতত অভিযুক্ত আইনজীবীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বনগাঁ থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *