মহালয়ার আগেই মহাকরণে ঐতিহাসিক প্রত্যাবর্তন! সাজছে মুখ্যমন্ত্রী শুভেন্দু-সহ ৬ মন্ত্রীর অফিস

মহালয়ার আগেই মহাকরণে ঐতিহাসিক প্রত্যাবর্তন! সাজছে মুখ্যমন্ত্রী শুভেন্দু-সহ ৬ মন্ত্রীর অফিস

দেবীপক্ষ শুরুর আগেই বদলে যাচ্ছে রাজ্য প্রশাসনের ঠিকানা। দীর্ঘ সময় পর ফের নবান্ন থেকে ঐতিহাসিক ভবন মহাকরণে (রাইটার্স বিল্ডিং) ফিরছে প্রশাসনিক কেন্দ্রবিন্দু। পূর্ত দফতরের প্রস্তুতি অনুযায়ী, আগামী ৯ অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ ছয় জন মন্ত্রীর কার্যালয় সম্পূর্ণ প্রস্তুত করে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। ১০ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন থেকেই এখানে কাজ শুরুর যাবতীয় পরিকাঠামো তৈরি থাকছে।

কোন কোন মন্ত্রী ও শীর্ষ আমলারা বসছেন? পূর্ত দফতর সূত্রে খবর, মহাকরণে বসবেন:

  • শুভেন্দু অধিকারী (মুখ্যমন্ত্রী)
  • দিলীপ ঘোষ (পঞ্চায়েতমন্ত্রী)
  • অগ্নিমিত্রা পাল (পুর ও নগরোন্নয়নমন্ত্রী)
  • শংকর ঘোষ (পর্যটন ও পরিষদীয় মন্ত্রী)
  • শারদ্বত মুখোপাধ্যায় (স্বাস্থ্যমন্ত্রী)
  • অজয় পোদ্দার (পূর্তমন্ত্রী)

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সচিবালয়, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি (DGP)-র কার্যালয়ও মহাকরণেই তৈরি হচ্ছে। এর পাশাপাশি পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় এবং আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস আগে থেকেই মহাকরণের নির্দিষ্ট ঘর থেকে কাজ চালিয়ে যাচ্ছেন, তাঁরা সেখানেই থাকবেন।

প্রেক্ষাপট ও ঐতিহাসিক স্থানান্তর ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঐতিহ্যবাহী এই ভবনের সংস্কারের জন্য প্রশাসনিক কার্যালয় নবান্নে স্থানান্তরিত করা হয়েছিল। চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার গঠন করলে প্রশাসনকে পুনরায় মহাকরণে ফিরিয়ে আনার পরিকল্পনা গৃহীত হয়। এতদিন সংস্কার কাজ আসাম্পূর্ণ থাকায় নবান্ন থেকেই মূল কাজকর্ম পরিচালিত হচ্ছিল। সম্প্রতি পূর্তমন্ত্রী অজয় পোদ্দার দফতরকে দ্রুত কাজ শেষের নির্দেশ দেওয়ায় এখন সংস্কারকাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল।

পূর্তমন্ত্রী বলেন, “৯ অক্টোবরের মধ্যে সংস্কার শেষ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া আমাদের কাজ। মুখ্যমন্ত্রী বা অন্যান্য শীর্ষ আধিকারিকেরা ঠিক কবে থেকে এখানে প্রশাসনিক কাজ শুরু করবেন, সেই সিদ্ধান্ত রাজ্য সরকারের।”

মহালয়ার দিন থেকেই শতবর্ষ প্রাচীন এই ঐতিহাসিক ভবনে রাজ্য প্রশাসনের মূল স্পন্দন ফিরে আসে কি না, এখন সেদিকেই নজর পুরো রাজ্যের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *