১০ বছরে অবসর নেবেন ২৫% চিকিৎসক! বিশ্বজুড়ে ভয়াবহ স্বাস্থ্য সংকটের অ্যালার্ট WHO-এর

আগামী ১০ বছরের মধ্যে বিশ্বজুড়ে দেখা দিতে পারে এক ভয়াবহ স্বাস্থ্য সংকট। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ‘ন্যাশনাল হেলথ ওয়ার্কফোর্স অ্যাকাউন্টস ২০২৬’ শীর্ষক রিপোর্টে উঠে এসেছে এই আশঙ্কাজনক তথ্য। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের চরম অভাব তৈরি হতে পারে।
পরিসংখ্যানের আড়ালে আসল সংকট গত দুই দশকে বিশ্বে স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৫০ শতাংশের বেশি বেড়েছে। ২০০৬ সালে যেখানে প্রতি ১০ হাজার মানুষের জন্য ৪৫ জন স্বাস্থ্যকর্মী ছিলেন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৮ জনে। বর্তমানে এই খাতে যুক্ত রয়েছেন প্রায় ৭ কোটি মানুষ। তবে বাইরে থেকে পরিসংখ্যান ইতিবাচক মনে হলেও ভেতরে লুকিয়ে রয়েছে বড় সমস্যা— কর্মরত চিকিৎসকদের একটি বিশাল অংশ এখন অবসরের শেষপ্রান্তে, কিন্তু সেই অনুযায়ী নতুন প্রজন্মের চিকিৎসক তৈরি হচ্ছেন না।
জোড়া বিপদের মুখে বিশ্বের স্বাস্থ্য খাত বিশ্বের ১২২টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে মোট কর্মরত ডাক্তারের প্রায় ২৫ শতাংশেরই বয়স ৫৫ বছর বা তার বেশি। ফলে আগামী এক দশকের মধ্যেই তাঁরা অবসর নেবেন।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব এখন দ্বিমুখী সংকটের মুখে:
- অভিজ্ঞদের প্রস্থান: অভিজ্ঞ ডাক্তার ও নার্সরা একে একে অবসর নিচ্ছেন।
- চাহিদার বৃদ্ধি: বিশ্বজুড়ে গড় আয়ু বৃদ্ধির কারণে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে, যার ফলে চিকিৎসার চাহিদাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
ধনী ও গরিব দেশের মারাত্মক বৈষম্য বয়সের এই সংকটের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার বৈষম্যও উদ্বেগজনক। ইউরোপের দেশগুলিতে আফ্রিকার দেশগুলির তুলনায় মাথাপিছু ডাক্তারের সংখ্যা প্রায় ১৩ গুণ এবং নার্সদের সংখ্যা ৬ গুণ বেশি। অর্থাৎ, ধনী দেশগুলির তুলনায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিতে এই সংকট আরও তীব্র হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট বার্তা দিয়েছে— এই বয়সের ঘাটতি পূরণ এবং বৈষম্য দূর করতে দ্রুত নীতিগত পদক্ষেপ না নিলে আগামীর বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়বে।