মাঝরাতে বিকট শব্দে কেঁপে উঠল রিয়াদ! সৌদিজুড়ে চরম সতর্কবার্তা

মাঝরাতে হঠাৎই আতঙ্কের ছায়া গোটা সৌদি আরব জুড়ে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হয় বিশেষ জরুরি সতর্কতা। সৌদি প্রশাসনের তরফে জানানো হয়েছে, শত্রুপক্ষের সম্ভাব্য আকাশপথ হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করা হয়েছে। এই সতর্কবার্তার মাঝেই রাজধানী রিয়াদের আকাশ কেঁপে ওঠে বিকট বিস্ফোরণের শব্দে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি ধোঁয়া ও আগুন দেখতে পাওয়া গিয়েছে। তবে এই বিস্ফোরণের সঠিক কারণ বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি সৌদি প্রশাসন। উল্লেখ্য, এর আগেও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করেছিল সৌদি সামরিক বাহিনী।
হুথিদের কড়া হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের মধ্যপ্রাচ্যের এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক তৎপরতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। পরিষদের ১৫টি সদস্য দেশই একযোগে হুথিদের হামলা ও হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, হুথিদের ক্রমাগত আগ্রাসনের ফলে পুরো অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করছে। হুথিদের অস্ত্র সরবরাহ, অর্থ ও সামরিক সাহায্য অবিলম্বে বন্ধের পাশাপাশি সমস্ত দেশকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মোসাদের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান অন্যদিকে, আঞ্চলিক উত্তেজনার মধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান। ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুসেইন পেদরাম নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইরানি সংবাদমাধ্যমের দাবি, দেশটির ইসফাহান প্রদেশের সংবেদনশীল ক্ষেপণাস্ত্র ও সামরিক ঘাঁটির অতি গোপনীয় তথ্য ইজরায়েলকে পাচার করেছিলেন ওই ব্যক্তি।
ইয়েমেনের হুথিদের সামরিক তৎপরতা এবং ইরানে এই চাঞ্চল্যকর ফাঁসির ঘটনা সব মিলিয়ে সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে তীব্র উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে।