‘৬ অক্টোবর আমার শেষ দিন হতে পারে!’ ভোটের মুখে প্রাণহানির চরম আশঙ্কায় হুমায়ুন কবীর

‘৬ অক্টোবর আমার শেষ দিন হতে পারে!’ ভোটের মুখে প্রাণহানির চরম আশঙ্কায় হুমায়ুন কবীর

ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে বহরমপুর থানায় হাজিরা দিলেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AJUP)-র প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার সকাল ১১টায় পুলিশি তলবের নির্ধারিত সময় থাকলেও, তার আগেই থানায় গিয়ে পৌঁছান তিনি। সম্প্রতি ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সংক্রান্ত একটি বিস্ফোরক অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বহরমপুর পুলিশ।

কী ছিল বিতর্কিত অডিওতে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশ্যে আসা ওই অডিও ক্লিপে এলাকা ভিত্তিক সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা, গ্যাং তৈরি করে হিংসা ছড়ানো এবং মুর্শিদাবাদের বাবরি মসজিদে বিজেপির পতাকা টাঙিয়ে মুসলিম ভোট টানার ষড়যন্ত্রমূলক কথোপকথন শোনা যায়। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, অডিওটিতে থাকা অপর কণ্ঠস্বরটি হুমায়ুন কবীরের। অডিওর সত্যতা এবং এর পেছনের মূল ছক খতিয়ে দেখতেই এই তলব। যদিও থানায় প্রবেশের আগে হুমায়ুন কবীর পুরো বিষয়টিকে রাজনৈতিক ‘হয়রানি’ বলেই দাবি করেছেন।

‘৬ অক্টোবর আমার শেষ দিন হতে পারে!’ প্রাণহানির চরম আশঙ্কা থানায় হাজিরার আগেই এক সাংবাদিক বৈঠকে নিজের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবীর। আগামী ৬ অক্টোবর রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর ছেলে। হুমায়ুন কবীর আশঙ্কা প্রকাশ করে বলেন, “৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচনের দিন ভোট লুঠের চক্রান্ত চলছে। আমি সেই লুঠ রুখতে ময়দানে থাকব। এতে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে।” তিনি আরও বলেন, “আমার শেষ দিন হতে পারে ৬ অক্টোবর। কিন্তু সাধারণ মানুষের ভোট আমি লুঠ হতে দেব না। আমার উপর গুলি চললে চলুক, আমিও মোকাবিলা করব।”

মাঠের প্রচার বন্ধ, ডিজিটাল ময়দানে AJUP পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে হুমায়ুন কবীর অভিযোগ করেন, পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষতা হারিয়ে শাসকদলের মতো কাজ করছে। তিনি প্রচারে বেরোলেই তাঁর দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তাই কর্মীদের নিরাপত্তার স্বার্থে আপাতত সশরীরে প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

তবে ভোটের লড়াই থেকে তিনি পিছু হঠছেন না। হুমায়ুন কবীর জানিয়েছেন, এবার থেকে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই প্রতিদিন প্রার্থীর হয়ে ভার্চুয়াল প্রচার চালানো হবে। তবে ভোটের দিন তিনি নিজে সশরীরে বুথে উপস্থিত থাকবেন এবং যে কোনও পরিস্থিতি কড়া হাতে সামাল দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *