আর শিয়ালদহ যাওয়ার ঝক্কি নেই! ব্যারাকপুরে দাঁড়াবে ‘মা তারা এক্সপ্রেস’, জেনে নিন নতুন সময়সূচি
ব্যারাকপুর: উৎসবের মরসুমের আগেই ব্যারাকপুর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেল। এবার থেকে শিয়ালদহ–রামপুরহাট ‘মা তারা এক্সপ্রেস’ থামবে ব্যারাকপুর স্টেশনেও। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার থেকে পরীক্ষামূলক ভাবে এই নতুন স্টপেজ চালু হচ্ছে।
যাঁরা একদিনের মধ্যে তারাপীঠ বা শান্তিনিকেতন ভ্রমণ সেরে ফিরতে চান, তাঁদের কাছে শিয়ালদহ–রামপুরহাট মা তারা এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন। এতদিন ব্যারাকপুরের বাসিন্দাদের এই ট্রেন ধরতে হয় শিয়ালদহ, না হয় নৈহাটি স্টেশনে যেতে হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যারাকপুর, টিটাগড়, সোদপুর বা সংলগ্ন অঞ্চলের পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হয়ে যাবে।
এক নজরে নতুন সময়সূচি:
- আপ মা তারা এক্সপ্রেস (১৩১৮৭): সকাল ৭:২০-তে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ৭:৪১-এ ব্যারাকপুরে পৌঁছবে। সেখানে ১ মিনিট দাঁড়িয়ে সকাল ৭:৪২-এ রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেবে। রামপুরহাট পৌঁছবে দুপুর ১১:৫৫ মিনিটে।
- ডাউন মা তারা এক্সপ্রেস (১৩১৮৮): রামপুরহাট থেকে দুপুর ২:১০-এ ছেড়ে বিকেল ৫:৫৩-এ ব্যারাকপুরে আসবে এবং ৫:৫৪-এ শিয়ালদহের দিকে রওনা দেবে। ট্রেনটি সন্ধে ৬:৪৫-এ শিয়ালদহ পৌঁছবে।
রেলকে ধন্যবাদ স্থানীয় বিধায়কের: ব্যারাকপুর স্টেশনে মা তারা এক্সপ্রেসের স্টপেজের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছিল। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী এই বিষয়ে স্টপেজ মেলার ইঙ্গিত দিয়েছিলেন। রেলের চূড়ান্ত সিদ্ধান্তের পর তিনি রেল কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
পরীক্ষামূলক ভাবে শুরু হওয়া এই স্টপেজ স্থায়ী হলে ব্যারাকপুর অঞ্চলের নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার পর্যটকদের বড়সড় সময় ও খরচ বাঁচবে।