শিক্ষক বদলিতে ২ লাখের ‘দর’! বিস্ফোরক অডিও ফাঁসে তোলপাড় হাইকোর্ট

শিক্ষক বদলিতে ২ লাখের ‘দর’! বিস্ফোরক অডিও ফাঁসে তোলপাড় হাইকোর্ট

পছন্দের স্কুলে বদলি পাওয়ার বিনিময়ে ২ লাখ টাকার উৎকোচ দাবি! শিক্ষক বদলি প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের এমন গুরুতর অভিযোগ ঘিরে সরগরম কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এক শিক্ষকের পেশ করা একটি বিস্ফোরক অডিও রেকর্ডিং আদালতে জমা পড়তেই চরম বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। পুরো ঘটনাটির নেপথ্যে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সরাসরি পুলিশি অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত।

কী নির্দেশ দিল হাইকোর্ট? মামলার শুনানিতে উঠে আসে একটি নির্দিষ্ট ফোন নম্বর থেকে ওই শিক্ষকের কাছে টাকা দাবি করার বিষয়টি। বিচারপতি জানান, ঘটনাটি কোনো ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগ নাকি এর পেছনে গভীর কোনো র্যা কেট রয়েছে—তা স্পষ্ট হওয়া জরুরি। এই উদ্দেশ্যে কসবা থানার ওসি-কে গোটা বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুলিশকে প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট জমা দিতে হবে। ফোন নম্বরের মালিক কে, টাকা চাওয়ার পেছনে কারা রয়েছে—সে সবই তদন্ত করে দেখা হবে। পাশাপাশি, কসবা ডিআই-এর থেকেও রিপোর্ট তলব করেছেন বিচারপতি।

স্থগিত নতুন বদলি প্রক্রিয়া রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক-পড়ুয়া অনুপাতের ভারসাম্য বজায় রাখতে গত জুলাই মাসে ‘সারপ্লাস’ বা উদ্বৃত্ত শিক্ষকদের অন্য স্কুলে বদলির একটি বিশেষ SOP প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কোথায় শিক্ষক বেশি আর কোথায় কম—তার তালিকা তৈরি করে এই পদক্ষেপ নেওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই এখন বড়সড় প্রশ্ন উঠে গেল।

অভিযোগের সত্যতা বিচারে সরাসরি পুলিশকে মাঠে নামানোর পাশাপাশি এই বদলি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়ে দিয়েছেন, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘সারপ্লাস’ শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধ থাকবে। ফলে একদিকে যেমন ঘুষের অভিযোগের তদন্ত চলবে, অন্যদিকে নতুন বদলি নীতি নিয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে রাজ্যকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *