বাচ্চার টিফিন বাক্স খুলতেই চোখ ছানাবড়া! উদ্ধার ১ কোটির ব্রাউন সুগার, ধৃত ২

মালদহ: বাচ্চার টিফিন বাক্স খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় পুলিশকর্তাদের! প্লাস্টিকের রঙিন কৌটোর ভেতরে সুন্দর করে সাজানো খাবার নয়, বরং ঠাসা রয়েছে নিষিদ্ধ ব্রাউন সুগার। বাংলা থেকে প্রতিবেশী রাজ্য বিহারে পাচারের আগেই প্রায় ১ কেজি নিষিদ্ধ মাদকসহ দুই মহিলাকে হাতেনাতে পাকড়াও করল গাজোল থানার পুলিশ। বাজেয়াপ্ত এই ব্রাউন সুগার আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য ১ কোটি টাকারও বেশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ গাজোল থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা সংলগ্ন এলাকায় কয়েকজন সন্দেহভাজন ঘোরাফেরা করছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই মহিলাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে মহিলা পুলিশের মাধ্যমে তাঁদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়।
ধৃতদের ব্যাগ থেকে দুটি বাচ্চাদের টিফিন বাক্স উদ্ধার হয়। বাক্স দুটি খুলতেই তাজ্জব বনে যান পুলিশকর্মীরা। দেখা যায়, টিফিন বক্সের ভেতর সুন্দর করে প্যাকিং করে রাখা রয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ওজন করে দেখা যায়, মাদকের পরিমাণ ১ কেজির কিছুটা বেশি।
গ্রেপ্তার হওয়া দুই মহিলার নাম খুশি খাতুন ও জৈনক খাতুন। দুজনেই মালদহের কালিয়াচক থানার নয়াগ্রাম এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, কালিয়াচক থেকেই এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে তাঁরা বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
উদ্ধার হওয়া এই মাদকের শিকড় কত দূর ছড়ানো, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। কালিয়াচকের কোন সরবরাহকারীর কাছ থেকে এই মাদক তাঁদের হাতে এল এবং বিহারে কাদের হাতে এটি পৌঁছানোর কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।