মেডিক্যাল পড়ুয়াদের জন্য বিরাট সুখবর! আগরতলায় ১০০ বাড়ল MBBS আসন

আগরতলা: চিকিৎসাপ্রার্থী শিক্ষার্থী ও ত্রিপুরাবাসীর জন্য বিরাট খবর! আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে (AGMC) বাড়িয়ে দেওয়া হলো এমবিবিএস (MBBS) পাঠ্যক্রমের আসন সংখ্যা। এতদিন যেখানে ১৫০ জন পড়ুয়া ভর্তির সুযোগ পেতেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সেই সংখ্যা একলাফে বেড়ে হচ্ছে ২৫০।
চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত: ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, অতিরিক্ত ১০০টি আসন বাড়ায় রাজ্যের যুবসমাজের কাছে ডাক্তারি পড়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে। এই আসন বৃদ্ধি কেবল চিকিৎসা শিক্ষাই নয়, রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোকে নতুন রূপ দেবে এবং হাসপাতাল ও চিকিৎসার মানকে আরও শক্তিশালী করবে।
কেন্দ্রকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর: ত্রিপুরায় উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ধারাবাহিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
দেশের প্রথম সারির মেডিক্যাল কলেজের তালিকায় আগরতলা: ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) অনুমোদন পাওয়ার পর আসন সংখ্যার নিরিখে দেশের খ্যাতনামা ও প্রতিষ্ঠিত একাধিক প্রতিষ্ঠানের সমকক্ষে জায়গা করে নিল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ। এই তালিকায় দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, গুজরাটের বি জে মেডিক্যাল কলেজ, কর্ণাটকের বেঙ্গালুরু মেডিক্যাল কলেজ এবং তামিলনাড়ুর মাদ্রাজ মেডিক্যাল কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলি রয়েছে।
মুখ্যমন্ত্রীর আশা, উন্নত শিক্ষাব্যবস্থা ও সুদৃঢ় পরিকাঠামোর হাত ধরে আগামী দিনে রাজ্যে প্রচুর দক্ষ চিকিৎসক তৈরি হবেন, যা একটি সুস্থ ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে বড় ভূমিকা নেবে।