‘টাকা পেলে সবাই পাক, না হলে বন্ধ হোক!’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বীরভূমে তুমুল বিক্ষোভ

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী চলতি সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ট্রান্সফার করা হয়েছে। তবে এই জনপ্রিয় প্রকল্প ঘিরে ফের দেখা দিয়েছে চরম বিতর্ক ও ক্ষোভ। জুন, জুলাই, অগাস্টের পর সেপ্টেম্বর মাসেও বহু যোগ্য আবেদনকারী টাকা পাননি বলে গুরুতর অভিযোগ উঠছে।
টাকা না পাওয়ার প্রতিবাদে এবার বীরভূমে আছড়ে পড়ল ক্ষোভের তরঙ্গ। বোলপুর পুরসভা এবং ইলামবাজার ব্লক অফিসে দফতর ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখান বঞ্চিত মহিলাদের একটি বড় অংশ। বারবার আশ্বাস সত্ত্বেও কেন টাকা মিলছে না, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
বিক্ষোভকারী এক মহিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, “টাকা না পেয়ে টানা চার-পাঁচ দিন ধরে কেবল ঘুরেই যাচ্ছি। টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। আমাদের স্পষ্ট কথা—টাকা পেলে সবাই পাক, না হলে প্রকল্প বন্ধ করে দেওয়া হোক।”
পুরসভার আধিকারিকরা আশ্বাস দিলেও কবে বকেয়া টাকা মিলবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। বোলপুর পুরসভায় বিজেপির শহর মণ্ডল সভাপতি কাঞ্চন ঘোষ উপস্থিত হলে মহিলারা তাঁকে ঘিরে ধরে নিজেদের অভিযোগ জানান। তিনি ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি জানিয়ে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে নতুন করে আরও ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত কোনো যোগ্য মহিলাকে এই সুবিধা থেকে বাদ দেওয়া হবে না। তবে মাঠপর্যায়ে বঞ্চনার অভিযোগ কমছে না।