ডানকুনিতে দু সাহসিক হামলা! স্ত্রীকে নিয়ে ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগ ছিনতাই

ডানকুনিতে দু সাহসিক হামলা! স্ত্রীকে নিয়ে ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগ ছিনতাই

ডানকুনি: রাতের অন্ধকার নামতেই খোদ ডানকুনিতে দুষ্কৃতীদের তাণ্ডব। স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি! শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, ব্যবসায়ীর স্ত্রীর হাত থেকে মোবাইল ও মূল্যবান ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় তারা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেলগেট এলাকায়। এই ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।

কী ঘটেছিল ঠিক সেই রাতে? স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম পার্থ দাস। তিনি প্রায় ২৪-২৫ বছর ধরে ওই এলাকায় নিজের ব্যবসা চালাচ্ছেন। রবিবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময়েই একটি অজ্ঞাতপরিচয় বাইক এসে তাঁদের জোর ধাক্কা মারে। ধাক্কার চোটে নিয়ন্ত্রণ হারিয়ে পার্থবাবু ও তাঁর স্ত্রী রাস্তার পাশের নর্দমায় পড়ে যান।

পার্থবাবুর অভিযোগ, তাঁরা নর্দমায় পড়ে যাওয়া মাত্রই বাইক আরোহী দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি বাড়ির দেওয়ালে গিয়ে লাগে। প্রাণের আশঙ্কায় দুজনেই চিত্কার শুরু করলে আশপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা ব্যবসায়ীর স্ত্রীর কাছে থাকা ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।

তদন্তে পুলিশ: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। দীর্ঘ ২৫ বছরের শান্ত এলাকায় হঠাৎ এমন গুলি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *