আমেরিকায় ইতিহাস ভারতীয় সংস্থার! ট্রাম্পের উপস্থিতিতে ১,৮০০ কোটি ডলারের মেগা বিনিয়োগ

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা তৈরি করতে চলেছে ভারতীয় শিল্পগোষ্ঠী ‘এসার’ (Essar Group)। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে দাঁড়িয়ে থেকে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন। এ সময় রুইয়া পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসার গ্রুপ আমেরিকায় মোট ১,৮০০ কোটি ডলার (১৮ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে, যার মধ্যে ১৫ বিলিয়ন ডলার দিয়ে আইওয়া (Iowa) অঙ্গরাজ্যে গড়ে তোলা হবে এই বিশাল ইস্পাত কারখানা। ২০৩০ সালের মধ্যে এই কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পুরো প্রজেক্টটি চালু হয়ে গেলে এখান থেকে প্রতি বছর ১ কোটি টন ইস্পাত তৈরি হবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম এবং বৈশ্বিক স্তরেও অন্যতম সেরা।
ট্রাম্পের শুল্ক নীতি ও শিল্প পুনরুজ্জীবন: ওভাল অফিসের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বিদেশী ইস্পাতের ওপর তাঁদের ৫০ শতাংশ আমদানি শুল্ক (Tariff) আরোপের সিদ্ধান্তের ফলেই আজ আমেরিকায় বিপুল দেশীয় বিনিয়োগ আসছে। বিদেশ থেকে আমদানিতে খরচ বেশি হওয়ায় বিভিন্ন সংস্থা এখন মার্কিন মুলুকেই কারখানা তৈরিকে প্রাধান্য দিচ্ছে।
অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব: এসার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘মেসাবি মেটালিক্স’-এর তরফে মার্কিন প্রতিরক্ষা, গাড়ি শিল্প, জাহাজ নির্মাণ ও পরিকাঠামো ক্ষেত্রে এই প্রকল্পকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে আইওয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে এত বড় বিনিয়োগ ঘোষণা রাজনৈতিকভাবেও ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টির জন্য এক বড় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বজুড়ে এসার গ্রুপের শক্তি, প্রযুক্তি ও খনি ক্ষেত্রে বিস্তার থাকলেও, আমেরিকার বুকে এই পদক্ষেপ ভারতীয় শিল্পজগতের আধিপত্যকে আন্তর্জাতিক মঞ্চে আরও সুদৃঢ় করল।