রাস্তা পরিদর্শনে গিয়ে যুবককে চড়! উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এনসিআর, আপ বিধায়কের নামে এফআইআর

রাস্তা পরিদর্শনে গিয়ে যুবককে চড়! উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এনসিআর, আপ বিধায়কের নামে এফআইআর

নয়া দিল্লি: রাস্তা পরিদর্শনে গিয়ে বচসা এবং তা থেকে এক যুবককে চড় মারার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দিল্লিতে। এই ঘটনার জেরে দিল্লির উপমুখ্যমন্ত্রী প্রবেশ বর্মার বিরুদ্ধে নন-কগনিজেবল রিপোর্ট (NCR) দায়ের করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে, সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে আম আদমি পার্টির (AAP) বিধায়ক জারনেল সিংয়ের বিরুদ্ধেও দায়ের হয়েছে এফআইআর (FIR)।

ঘটনার নেপথ্যে: গত রবিবার তিলক নগরের বিধায়ক জারনেল সিংয়ের অভিযোগের ভিত্তিতে ওই এলাকার রাস্তার কাজের গুণমান পরিদর্শনে যান উপমুখ্যমন্ত্রী প্রবেশ বর্মা। পরিদর্শনের সময় দুই নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। নবনির্মিত রাস্তার পিচ হাত দিয়ে তুলে কাজের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন আপ বিধায়ক। পাল্টায় উপমুখ্যমন্ত্রী দাবি করেন, গত ১৫ বছরে আপ সরকার কিছু করেনি, তারা কাজ শুরু করতেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

চড় মারার ভিডিও ভাইরাল: পুরো ঘটনাটি সাহিব সিং নামে এক যুবক নিজের মোবাইলে লাইভ স্ট্রিমিং করছিলেন। অভিযোগ, আচমকাই উপমুখ্যমন্ত্রী প্রবেশ বর্মা তাঁর মোবাইল নামিয়ে ওই যুবককে সজোরে চড় মারেন। ঘটনা ঘিরে মুহূর্তের মধ্যে হাতাহাতি ও চরম উত্তেজনা সৃষ্টি হয়।

কেন এই আচরণ? ঘটনার পর এক্স (টুইটার) হ্যান্ডেলে সাফাই দিয়ে উপমুখ্যমন্ত্রী দাবি করেন, আপ বিধায়ক দলবল নিয়ে এসে তাঁর পরিবারের উদ্দেশ্যে গালিগালাজ করছিলেন। সেই কারণেই তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন।

আইনি পদক্ষেপ: যুবকের অভিযোগের ভিত্তিতে উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘এনসিআর’ দায়ের করা হয়েছে, যার ফলে আদালতের অনুমতি ছাড়া সরাসরি তদন্ত বা গ্রেফতার করতে পারবে না পুলিশ। পাশাপাশি, পূর্ত দফতরের (PWD) এক আধিকারিককে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আপ বিধায়ক জারনেল সিং ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *