অত্যন্ত বিপজ্জনক লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শিষ্য, গোল্ডি ব্রারের মাথার দাম কোটি কোটি টাকা

অত্যন্ত বিপজ্জনক লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শিষ্য, গোল্ডি ব্রারের মাথার দাম কোটি কোটি টাকা

গ্যাংস্টার সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপ নিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। সংস্থাটির ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ বা শীর্ষ ১০ পলাতক অপরাধীর তালিকায় নাম যুক্ত করা হয়েছে গোল্ডি ব্রারের। তাঁর খোঁজ দিতে পারলে অথবা তাঁকে গ্রেপ্তার করতে সাহায্য করলে সর্বোচ্চ ১০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৬০ লক্ষ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

উত্তর আমেরিকার বিভিন্ন আন্তর্জাতিক অপরাধচক্র দমনে ‘অপারেশন হার্ডবল’ নামে বিশেষ অভিযান চলাকালীন গোল্ডির নাম গোয়েন্দাদের তালিকায় আসে। ক্যালিফোর্নিয়া এবং কানাডায় তাঁর সম্ভাব্য অবস্থান বলে ধারণা করা হলেও তিনি প্রতিনিয়ত স্থান বদল করছেন। এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস শাখার আধিকারিকদের মতে, তিনি চরম হিংস্র ও অত্যন্ত বিপজ্জনক একজন অপরাধী। ১৯৫০ সাল থেকে শুরু হওয়া এই তালিকায় এ পর্যন্ত ৫৪৩ জন অপরাধীর নাম উঠে এসেছে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই অন্যতম সহযোগী খুন, তোলাবাজি, মাদক পাচার ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত। হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের নেপথ্যেও তাঁর ও বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়েছিল। এফবিআই সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, তাঁকে প্রকাশ্যে দেখা গেলে সরাসরি মুখোমুখি না হয়ে অবিলম্বে নিকটস্থ পুলিশ, আমেরিকান দূতাবাস বা এফবিআই অফিসে যোগাযোগ করতে। ক্যালিফোর্নিয়ার আদালতে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *