হাওড়া-আমতা রোডে বেপরোয়া লরি, পথচারীদের একের পর এক ধাক্কা: মৃত ১, আহত ৩

হাওড়া: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষে দেওয়ার অভিযোগ উঠল এক বেপরোয়া লরি চালকের বিরুদ্ধে। সোমবার রাতে হাওড়ার বাঁকড়ায় হাওড়া-আমতা রোডে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। অনিয়ন্ত্রিত গতিতে চলা লরির ধাক্কায় অন্তত একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোহার ছাঁট বোঝাই লরিটি বাঁকড়া থেকে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে যাচ্ছিল। মাঝপথে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তায় থাকা একের পর এক পথচারীকে তা সজোরে ধাক্কা মারে। শেষপর্যন্ত কবরপাড়া মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ট্রাকে ধাক্কা মেরে গাড়িটি থমকে যায়।
আহত ৩ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা ঘাতক লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ ও র্যাফ (RAF)। পুলিশ এসে উত্তেজিত জনতাকে সামলে এলাকা নিয়ন্ত্রণে আনে।
ঘাতক লরিটি আটক করা সম্ভব হলেও চালক ঘটনার পর থেকেই পলাতক। চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। এলাকা থমথমে থাকায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে।