ভোর হতেই ৩ রাজ্যে NIA-র মেগা স্ট্রাইক! বাংলায় ৫ জায়গায় তল্লাশি, ইউপিএসসি পরীক্ষার্থী স্ক্যানারে

ভোর হতেই ৩ রাজ্যে NIA-র মেগা স্ট্রাইক! বাংলায় ৫ জায়গায় তল্লাশি, ইউপিএসসি পরীক্ষার্থী স্ক্যানারে

মঙ্গলবার সকাল হতেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংক্রান্ত মামলার তদন্তে বড়সড় অভিযানে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা—এই তিন রাজ্যে একযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চিরুনি তল্লাশি শুরু হয়েছে। বাংলাজুড়ে মোট পাঁচটি স্পর্শকাতর স্থানে একযোগে তল্লাশি চালাচ্ছে এনআইএ-র বিশেষ দল।

দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার কুসকারি মুন্দেহার এলাকায় মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে সকালে হানা দেয় এনআইএ-র চার সদস্যের একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিল স্থানীয় বংশীহারি থানার পুলিশ। মিজানুর রহমানের ২৬ বছর বয়সী ছেলে মুজিবুর রহমান বর্তমানে এনআইএ-র স্ক্যানারে রয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, মুজিবুর সিভিল সার্ভিস (UPSC) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে চলতি বছরের জানুয়ারি মাস থেকে আচমকাই নিখোঁজ তিনি। বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও অভিযান থেকে কী উদ্ধার হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি আধিকারিকরা।

অন্যদিকে, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রাম থেকে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এনআইএ। ওই ব্যক্তি মন্তেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

দক্ষিণ দিনাজপুর ও পূর্ব বর্ধমান ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারসহ রাজ্যের মোট পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হচ্ছে। ভোর থেকেই এই অভিযান ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এনআইএ-র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা না হলেও, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলতেই এই মেগা অভিযান বলে সূত্রের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *