‘নিউ ইয়র্ক টাইমস’-এর শীর্ষ আধিকারিককে পার্কিং লটে গুলিতে ঝাঁঝরা! গ্রেপ্তার চিনা শ্বশুর-শাশুড়ি

ক্যালিফোর্নিয়া: আমেরিকার প্রযুক্তি ও সংবাদমাধ্যম জগতে তীব্র চাঞ্চল্য! আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রযুক্তি বিভাগের উর্ধ্বতন আধিকারিক জনাথন ম্যাককিনসকে (৪০) গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো তাঁরই চিনা বংশোদ্ভূত শ্বশুর ও শাশুড়িকে। গত শনিবার ক্যালিফোর্নিয়ার ডাবলিন স্পোর্টস কমপ্লেক্সের পার্কিং লটে ঘটে যায় এই নৃশংস হত্যাকাণ্ড।
যেভাবে ঘটল হত্যাকাণ্ড: পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর তিনটা নাগাদ মুখে মাস্ক পরে স্পোর্টস কমপ্লেক্সের পার্কিং লটে জনাথনের সামনে আসে এক দম্পতি। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন টহলদারি পুলিশকর্মীরা। রক্তে ভেসে যাওয়া জনাথনকে বাঁচাতে অ্যাম্বুল্যান্স ডাকা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সাথে সাথে ধাওয়া করে ৭৭ বছর বয়সি অভিযুক্ত শৌইয়ং ঝ্যাং এবং শিলি চেন-কে গ্রেপ্তার করে।
তদন্তে বিস্ফোরক তথ্য: তদন্তে জানা যায়, ধৃত বৃদ্ধ-বৃদ্ধা আসলে জনাথনের স্ত্রী ক্যানডিস জাংয়ের বাবা-মা, যাঁরা চিনের নাগরিক। কী কারণে জামাইকে এভাবে খুন করলেন ৭৭ বছরের শ্বশুর-শাশুড়ি, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র এবং জনসমক্ষে গুলি চালানোর অভিযোগে মামলা দায়ের করে আলামেদা কাউন্টির সান্তা রিতা জেলে পাঠানো হয়েছে।
কে ছিলেন এই জনাথন? প্রযুক্তি বিশ্বে অত্যন্ত পরিচিত নাম ছিলেন জনাথন ম্যাককিনস। কর্মজীবনে নাসা (NASA)-র ‘জেট প্রোপালশন ল্যাবরেটরি’, ওরাকল এবং এইচপি (HP)-র মতো প্রথম সারির সংস্থায় কাজ করার পর ২০২৩ সালে তিনি ‘নিউ ইয়র্ক টাইমস’-এ যোগ দেন। পত্রিকাটির অত্যন্ত জনপ্রিয় অনলাইন গেম ‘Connections’ সহ একাধিক পাজল গেমের নতুন ফিচার এবং ওয়েবসাইট ট্র্যাফিক ম্যানেজমেন্টে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।