‘দেশের স্বাধীনতার ৮০ বছরের হিসাব চাই!’ IAS ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল

লখনউ: প্রশাসনিক পদে ইস্তফা দেওয়ার পর অবশেষে জল্পনার অবসান ঘটালেন প্রাক্তন আইএএস (IAS) আধিকারিক দিব্যা মিত্তল। ৯ মিনিটের একটি আবেগঘন ভিডিও বার্তা দিয়ে তিনি সরাসরি রাজনীতিতে পা রাখার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো প্রচলিত রাজনৈতিক দলের পতাকাতলে যোগ দিচ্ছেন না; বরং নির্দলীয়ভাবেই সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে চান।
রাজনীতিতে আসার কারণ হিসেবে দিব্যা বলেন, স্বাধীনতার ৮০ বছর পার হলেও সাধারণ মানুষ কেন ন্যায়বিচার, পানীয় জল, শিক্ষা ও ভালো রাস্তার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত—তা নিয়ে তিনি হিসাব চাইতে চান। অতীতে কাজের ক্ষেত্রে দেখা প্রশাসনিক অনীহা, প্রশ্নপত্র ফাঁস, তরুণদের অনিশ্চিত ভবিষ্যৎ এবং পরিকাঠামোগত দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচারের জবাবে দিব্যা মিত্তল সাফ জানান, তাঁকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না। তাঁর কাছে পেশিশক্তি, বিপুল অর্থ বা জাতি-ধর্মের সমীকরণ না থাকলেও সাধারণ মানুষের সমর্থনের শক্তি রয়েছে। উত্তরপ্রদেশের মাটিকে নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়েই এক ‘পরিবর্তনমুখী’ রাজনীতির ডাক দিয়েছেন এই প্রাক্তন আইএএস আধিকারিক।