UNESCO কাণ্ডে তোলপাড় রাজ্য! কসবা থেকে সিঙ্গুর, ইডির স্ক্যানারে ইন্দ্রনীল সেনের ‘মোহর’

UNESCO কাণ্ডে তোলপাড় রাজ্য! কসবা থেকে সিঙ্গুর, ইডির স্ক্যানারে ইন্দ্রনীল সেনের ‘মোহর’

কলকাতা: ইউনেস্কোর (UNESCO) নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার প্রতারণার মামলায় জোরকদমে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের একাধিক আস্তানায় হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের মোট ১৫টি ভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির একাধিক টিম।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী থাকাকালীন ইউনেস্কোর লোগো বেআইনিভাবে ব্যবহার ও জালিয়াতির অভিযোগ ওঠে ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এই মামলার জল গড়িয়ে ইডির হাতে আসতেই মঙ্গলবার সকালে কসবা, হাইল্যান্ড পার্কের বাসভবনের পাশাপাশি হিন্দুস্তান পার্কে ইন্দ্রনীল সেনের মেয়ের বাড়িতেও পৌঁছে যান আধিকারিকরা। ঘটনার সময় প্রাক্তন মন্ত্রী সেখানেই উপস্থিত ছিলেন। তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডি তাঁর বয়ান নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

ইডির আতশিকাচে সিঙ্গুরের ‘মোহর’ শুধু কলকাতাই নয়, হুগলির সিঙ্গুরের ছুটিপুর এবং বাগডাঙ্গা চীনামোড় এলাকায় থাকা ইন্দ্রনীল সেনের বিলাসবহুল বাগানবাড়ি ‘মোহর’-এও কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দিয়েছে ইডি। স্থানীয়দের দাবি, প্রায় ৮-১০ বছর আগে এই জায়গাটি কিনে বাগানবাড়ি বানান প্রাক্তন মন্ত্রী। সেখানে প্রায়ই হেভিওয়েটদের আনাগোনা লেগে থাকত।

তদন্তকারীদের মূল নজর যেখানে: ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রতারণা চক্র চালানোর নেপথ্যে কার মাথা ছিল? পাস বিলির নামে ঠিক কত টাকার আদান-প্রদান ঘটেছে এবং কারা এর লাভ পেয়েছেন— প্রাক্তন মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে এখন সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *