বিসর্জনে বিরাট পরিবর্তন! ক্রেন অতীত, এবার কলকাতার ঘাটে নামছে বিশেষ ট্রলি

কলকাতা: আসন্ন দুর্গা পুজোয় কলকাতার বিসর্জন ঘাটগুলোতে দেখা যেতে চলেছে এক নতুন ছবি। এবার থেকে বিশালাকার প্রতিমা নিরঞ্জনে থাকছে না কোনো ক্রেনের ব্যবহার। শূন্যে ঝুলিয়ে প্রতিমা জলে ফেলার বদলে, বিশেষ ট্রলির মাধ্যমে অত্যন্ত পরিকল্পিত ও নিরাপদ উপায়ে হবে বিসর্জন।
কলকাতা পুরসভা সূত্রে খবর, নিমতলা ও বাজে কদমতলা ঘাটে ইতিমধ্যেই এই নতুন ব্যবস্থার প্রস্তুতি শেষ পর্বে। ঘাটে ঘাটে পৌঁছে গেছে বিশেষ নকশার ট্রলি। নতুন নির্দেশিকা অনুযায়ী:
- ট্রলিতেই সাত পাক: লরি বা ট্রাক থেকে প্রতিমা নামিয়ে সরাসরি বসানো হবে বিশেষ ট্রলিতে। ট্রলির ওপর রেখেই প্রথা অনুযায়ী প্রতিমাকে সাত পাক ঘোরানো হবে।
- সরাসরি জলে: সাত পাকের পর আর ক্রেনের প্রয়োজন পড়বে না। ট্রলিটিই প্রতিমাকে নিরাপদে একদম গঙ্গার জলের কাছে নিয়ে যাবে।
- নিয়ন্ত্রিত বিসর্জন: জলের ধারে দড়ি দিয়ে প্রতিমার সঠিক ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে তা জলে নামানো হবে। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন কমবে, তেমনই পুরো প্রক্রিয়াটি হবে ঝঞ্জাটহীন।
কেন এই পরিবর্তন? চলতি বছর নতুন সরকারের আমলে এটিই প্রথম দুর্গাপুজো, তাই প্রশাসনিক তদারকিও চোখে পড়ার মতো। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিসর্জনে ক্রেনের ব্যবহার না করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেরেই পুরসভার এই পরিকল্পনা। বিসর্জনের সবচেয়ে বেশি চাপ থাকে বাজে কদমতলা ও নিমতলা ঘাটে, তাই অভিজ্ঞ কর্মীদের নিয়ে এই দুই ঘাটেই বিশেষ ট্রলি পরিষেবা চালু করা হচ্ছে।
তবে প্রতিমা বিসর্জনের পর গঙ্গার জল থেকে বাঁশের কাঠামো তোলার জন্য আগের মতোই বজায় থাকছে ক্রেন ও JCB-র ব্যবস্থা। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জল থেকে তুলে রাখা কাঠামোগুলোকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বড় গাড়িতে করে দ্রুত ডাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হবে।