বায়ুদূষণ ইস্যুতে হাইকোর্টের চরম হুঁশিয়ারি, ১৩ অক্টোবরের মধ্যে রাজ্যের রোডম্যাপ তলব!

বায়ুদূষণ ইস্যুতে হাইকোর্টের চরম হুঁশিয়ারি, ১৩ অক্টোবরের মধ্যে রাজ্যের রোডম্যাপ তলব!

কলকাতা: উৎসবের মরসুম ঘিরে বাজি পোড়ানোর ধোঁয়া এবং শহর ও শিল্পাঞ্চলের লাগামহীন দূষণ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যে বায়ুর গুণমান ঠিক রাখতে আর শুধুই কাগজে-কলমে নীতি তৈরি নয়, বাস্তবে তা কীভাবে কার্যকর করা হবে—তার স্পষ্ট জবাব চাইল আদালত। এর জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আগামী ১৩ অক্টোবরের মধ্যে একটি বিস্তারিত ‘রোডম্যাপ’ বা কর্মপরিকল্পনা জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুদূষণ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা এবং আদালতের স্বতঃপ্রণোদিত মামলার যৌথ শুনানি চলছিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে। শুনানিতে আদালতের স্পষ্ট বক্তব্য—দূষণ কমাতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেগুলির বাস্তবায়ন কবে থেকে শুরু হবে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণে কত দিন সময় লাগবে, তার পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে পর্ষদকে।

পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের তরফে আদালতকে জানানো হয়, একটি প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে আদালতের নির্দেশ মেনে সম্ভাব্য সমস্ত পদক্ষেপ ও সময়সীমা উল্লেখ করে ১৩ অক্টোবরের মধ্যে নতুন হলফনামা পেশ করা হবে।

পাশাপাশি, আসন্ন উৎসবে বাজির ধোঁয়ায় যাতে বাতাস আর বিষাক্ত না হয়ে ওঠে, সে বিষয়ে রাজ্য ও পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ২০২২ সালের ১১ অক্টোবরের ডিভিশন বেঞ্চের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য সরকারের তরফ থেকেও বায়ুর মান উন্নয়নে পর্ষদকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *