১৮ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া? সুপ্রিম কোর্টে বিরাট ইঙ্গিত কেন্দ্রের!

নয়াদিল্লি: ভারতেও কি এবার ১৮ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে? কেন্দ্র সরকারের এক আশ্বাসে আপাতত দেশজুড়ে এই তীব্র জল্পনা ছড়িয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানির সময় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে আইটি ইন্টারমিডিয়ারি বিধি সংশোধন করার চিন্তাভাবনা চলছে। এই নতুন নিয়ম কার্যকর হলে দেশের ১৮ বছরের কম বয়সী কোনো কিশোর-কিশোরী আর ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে না।
কী নিয়ে এই মামলা? ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’ নামের একটি অলাভজনক সংস্থার দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই শুনানি চলছিল। কম বয়সীদের ওপর সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে মামলাকারী ও শীর্ষ আদালতের উদ্বেগের সাথে সম্পূর্ণ সহমত প্রকাশ করেছে কেন্দ্র।
শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিদেশি আইন প্রয়োগের তীব্র সমালোচনা করে বলেন, “এগুলি মূলত আমেরিকার আইনের অধীনে নথিভুক্ত সংস্থা। আমেরিকার নিয়মকানুন এনে ভারতীয় ডিজিটাল পরিসরে চালানো হচ্ছে, যা ভারতীয় আইন অনুযায়ী কখনোই গ্রহণযোগ্য নয়।”
বিচারপতির এই বক্তব্যের সাথে একমত পোষণ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ভারতে ব্যবসা করতে হলে এই সংস্থাগুলিকে এ দেশের আইন মেনেই চলতে হবে। এতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে পদক্ষেপ করা উচিত এবং নিশ্চিতভাবেই কড়া পদক্ষেপ করা হবে।” তবে শিক্ষামূলক ওয়েবসাইটের ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি থাকলে ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
বিশ্বজুড়েই শুরু হয়েছে কড়াকড়ি শুধু ভারত নয়, বিশ্বজুড়ে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক দেশ সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগাম টানছে।
- অস্ট্রেলিয়া: বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার আইন আনে অস্ট্রেলিয়া।
- অন্যান্য দেশ: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও গ্যাবনের মতো দেশগুলিও একই পথে হেঁটে নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভারতে আইটি আইন সংশোধন হলে ডিজিটাল দুনিয়ায় নাবালকদের এই অবাধ বিচরণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।