১৮-র নিচে ব্যান সোশ্যাল মিডিয়া? সুপ্রিম কোর্টে বড় ইঙ্গিত কেন্দ্রের!

নয়াদিল্লি: দেশের কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের দিন কি শেষ হতে চলেছে? সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বার্তার পর দেশজুড়ে শুরু হয়েছে জোর চর্চা।
সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, সরকার আইটি ইন্টারমিডিয়ারি বিধি সংশোধনের চিন্তাভাবনা করছে। প্রস্তাবিত এই পরিবর্তন কার্যকর হলে ভারতে ১৮ বছরের কম বয়সী কোনো কিশোর-কিশোরী ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্মে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবে না।
আদালতে কী জানাল কেন্দ্র ও শীর্ষ বেঞ্চ? ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’ নামের একটি এনজিও-র আবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি চলছিল। শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আমেরিকার আইনি পরিকাঠামোয় নিবন্ধিত। তারা তাদের দেশীয় নিয়মই ভারতীয় ডিজিটাল স্পেসে চাপিয়ে দেয়, যা ভারতের আইনি ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিচারপতির মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিদেশি সংস্থাগুলিকে ভারতীয় আইন মানতেই হবে। নাবালকদের সুরক্ষায় কেন্দ্র প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তৈরি। তবে শিক্ষামূলক ওয়েবসাইটের ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিতে ব্যবহারের সুযোগ রাখা হতে পারে বলে আভাস দিয়েছে কেন্দ্র।
বিশ্বজুড়ে আন্তর্জাতিক ট্রেন্ড নাবালকদের মানসিক স্বাস্থ্য ও সাইবার নিরাপত্তা রক্ষায় বিশ্বজুড়ে একই পদক্ষেপ নেওয়া হচ্ছে:
- অস্ট্রেলিয়া: প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে।
- অন্যান্য দেশ: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং গ্যাবনের মতো দেশগুলিও একই পথে হেঁটে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়া আইনি পদক্ষেপ নিয়েছে।