‘আমাদের জমি কেড়ে নিয়েছে তৃণমূল নেতা!’ পাঞ্জাব-আসাম থেকে এসে বিস্ফোরক অভিযোগ

‘আমাদের জমি কেড়ে নিয়েছে তৃণমূল নেতা!’ পাঞ্জাব-আসাম থেকে এসে বিস্ফোরক অভিযোগ

কলকাতা: সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচির ১৩তম দিনেও চোখে পড়ার মতো জনসমাগম। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকি ভিনরাজ্য থেকেও নিজেদের অভাব-অভিযোগ জানাতে সল্টলেকে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। জমি জবরদখল থেকে শুরু করে জোরপূর্বক ধর্মান্তকরণ—একাধিক গুরুতর অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারীর এই দরবারে হাজির হন ভুক্তভোগীরা।

দরবারে আসা অভিযোগগুলির মধ্যে অন্যতম চাঞ্চল্যকর পাঞ্জাবের বাসিন্দা সুরেন্দ্র কুমার ও জগসির সিংয়ের দাবি। তাঁদের অভিযোগ, কলকাতায় থাকা তাঁদের পূর্বপুরুষের জমি এক স্থানীয় তৃণমূল নেতা গায়ের জোরে দখল করে রেখেছেন। কলকাতা পুরসভা থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে দরবার করেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে সমাধান পেতে পাঞ্জাব থেকে সল্টলেকে এসেছেন তাঁরা। অন্যদিকে, আসামের একটি সংস্থার প্রতিনিধিরাও কায়লান এলাকায় তাঁদের তত্ত্বাবধানে থাকা প্রায় ২৩০ বিঘা জমি দখলের চক্রান্তের অভিযোগ তুলেছেন শাসকদলের এক নেতার বিরুদ্ধে।

শুধু জমি দখলই নয়, উঠেছে ধর্মান্তকরণের মারাত্মক অভিযোগও। আলিপুরদুয়ারের শামুকখোলা থেকে আসা রাভা জনজাতির প্রতিনিধিরা জানান, তাঁদের এলাকায় প্রভাব খাটিয়ে ইতোমধ্যে ৫২টি হিন্দু পরিবারকে ধর্মান্তরিত করা হয়েছে। পাশাপাশি আরও ৪৮টি পরিবারের উপর চরম অত্যাচার ও চাপ সৃষ্টি করা হচ্ছে। নিজেদের ধর্মীয় পরিচয় ও অস্তিত্ব রক্ষায় তাই দরবারে সুর চড়িয়েছেন ওই জনজাতির মানুষেরা।

তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের পাহাড় জমার পর এবার প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *