ভবানীপুর ভোট মামলায় হাই কোর্টের বড় নির্দেশ! লিখিত জবাব দিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় পেলেন শুভেন্দু

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার গড়াচ্ছে নতুন অধ্যায়ে। একুশের পর ছাব্বিশের নির্বাচনেও পরাজিত হয়ে ভোটে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় নিজের লিখিত প্রতিক্রিয়া জমা দেওয়ার জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিল আদালত।
মামলা সূত্রে জানা গিয়েছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। কিন্তু ভোটগ্রহণ ও গণনায় কারচুপির অভিযোগ তুলে আদালতের নজরদারিতে নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাই কোর্ট ইতিমধ্যেই ওই কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ, ইভিএম ও আনুষঙ্গিক নথি সুরক্ষার নির্দেশ জারি করেছে।
মামলার সাম্প্রতিক শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে আদালতে উপস্থিত ছিলেন তাঁর ছেলে তথা আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, শুভেন্দু অধিকারীর আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার চূড়ান্ত সময় বেঁধে দেন। এর আগেও অগাস্ট মাসের শুনানিতে শুভেন্দুর আইনজীবী সময় প্রার্থনা করায় আদালত তিন সপ্তাহ সময় দিয়েছিল। চলতি সপ্তাহে বৃহস্পতিবার তিনি আদালতে কী লিখিত বক্তব্য পেশ করেন, এখন সে দিকেই নজর রাজ্য রাজনীতির।