কাঠুয়ায় CISF ক্যাম্পে নিজের দলের ওপরই গুলি! সহকর্মীর গুলিতে নিহত ৪ জওয়ান

জম্মু ও কাশ্মীর: জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় চাঞ্চল্যকর ঘটনা। সিআইএসএফ (CISF) ক্যাম্পের ভেতরে এক জওয়ানের গুলিতে প্রাণ হারালেন তাঁরই চার সহকর্মী। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিট নাগাদ কাঠুয়ার বাসোহলি এলাকার ‘সেওয়া টু হাইডেল প্রজেক্ট’-এ নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ ক্যাম্পে এই মর্মান্তিক ও রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে।
আচমকা গুলিবর্ষণ ও চার জওয়ানের মৃত্যু সূত্রের খবর, নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের মধ্যে আচমকাই গুলিবর্ষণ শুরু হয়। অভিযোগ, এক সিআইএসএফ জওয়ান হঠাৎই নিজের সার্ভিস অস্ত্র দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। এতে চারজন জওয়ান গুরুতর আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও আঘাত মারাত্মক হওয়ায় শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই চারজনের মৃত্যু হয়।
তদন্তে ‘কোর্ট অফ ইনকোয়ারি’ ঠিক কী কারণে এক জওয়ান নিজের সঙ্গীদের লক্ষ্য করে গুলি চালালেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি ব্যক্তিগত শত্রুতা, কাজের মানসিক চাপ নাকি অন্য কোনো মারাত্মক পরিস্থিতির ফল—তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার পরপরই সিআইএসএফ (CISF) সদর দফতর থেকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে ‘কোর্ট অফ ইনকোয়ারি’। পুরো বিষয়ের ওপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন সিআইএসএফ-এর মহাপরিচালক (DG)। গুলি চলার ঠিক আগে ক্যাম্পে কী পরিস্থিতি ছিল এবং ঘটনার সময় ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের রিপোর্ট এলে ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ সামনে আসবে।