‘কোনো তাড়াহুড়ো নেই’, তারেকের দিল্লি সফর নিয়ে মুখ খুললেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তারেক রহমানের ভারত সফর নিয়ে কূটনৈতিক মহলে জোর জল্পনা চলছে। গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসার পরই তাঁকে দিল্লি সফরের রাষ্ট্রীয় আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্প্রতি চিনে গেলেও এখনও ভারতে আসেননি খালেদা-পুত্র। দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও তিনি নিজে যোগ দেননি বা ঢাকার তরফে কোনও প্রতিনিধি পাঠাননি। অবশেষে এই বহুল চর্চিত সফর নিয়ে বড় মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
কী জানালেন ভারতীয় হাই কমিশনার? মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতীয় হাই কমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, তারেক রহমানের ভারত সফর নিয়ে আপাতত দুই দেশের কোনও তাড়াহুড়ো নেই।
দীনেশ ত্রিবেদী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ভারত সফরের যে আমন্ত্রণ ছিল, তা এখনও বহাল রয়েছে। এটা নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। যখন সঠিক সময় আসবে, নিশ্চয়ই সফরটি হবে। সব কিছুই ইতিবাচক রয়েছে।”
উভয় দেশের ‘রাজনৈতিক বাস্তবতা’ দুই দেশের বর্তমান কূটনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হাই কমিশনার মন্তব্য করেন, রাজনৈতিক বাধ্যবাধকতা (Political Compulsion) দুই পক্ষেই রয়েছে। তবে এ নিয়ে জল্পনার সুযোগ নেই, কারণ উভয় দেশই এই সফর ঘিরে আশাবাদী। সঠিক সময়ের মধ্যে পরিস্থিতি আরও ইতিবাচক হবে বলেই ভারতের বিশ্বাস।
ঢাকার প্রতিক্রিয়া অন্যদিতে বৈঠকের পর বাংলাদেশ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, ভারতের সঙ্গে একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।