চলতি ক্লাসেই আছড়ে পড়ল রাশিয়ার বোমা! ইউক্রেনের স্কুলে মর্মান্তিক হামলা, মৃত ২

কিয়েভ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া। এবার পুতিন সেনার নিশানায় সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠান। মঙ্গলবার ক্লাস চলাকালীন ইউক্রেনের সুমি শহরের একটি স্কুলে আছড়ে পড়ে রাশিয়ার শক্তিশালী ‘গাইডেড’ বোমা। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং ৩টি শিশুসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন।
মৃত্যুফাঁদ থেকে রক্ষা ১০০ জনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এক ভয়াবহ গণমৃত্যু এড়ানো গিয়েছে। ক্লাসে উপস্থিত প্রায় ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষককে তড়িঘড়ি ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। তবে স্কুলের পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এক দিনে শতাধিক ড্রোন হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, মঙ্গলবার দিনভর ইউক্রেন জুড়ে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ২৯টি ছিল অত্যাধুনিক ‘জেট পাওয়ারড’ ড্রোন। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও, সুমি এলাকায় অন্তত চারটি শক্তিশালী গাইডেড বোমা আছড়ে পড়ে।
এর আগের দিনই রাজধানী কিয়েভে ‘ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস’-এর ভবনে হামলা চালিয়েছিল মস্কো। সেখানে ১ জনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৬ জন।
বিশ্বমঞ্চে জেলেনস্কির তোপ পরপর শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রে হামলার পর রাশিয়ার তীব্র সমালোচনা করে জেলেনস্কি বলেন, “রাশিয়া উন্মাদ হয়ে বোমাবর্ষণ করছে। কেবল মৌখিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মহলকে এখন রাশিয়ার ওপর কার্যকর ও কঠোর চাপ সৃষ্টি করতে হবে।”
ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের পড়ুয়া, শিক্ষক ও বিজ্ঞানীদের নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। যদিও এই হামলার বিষয়ে ক্রেমলিনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।