আরব সাগরে ভারতের মেগা স্ট্রাইক! ৩০০০ কোটির ড্রাগসহ গ্রেফতার ৫ পাকিস্তানি

আন্তর্জাতিক ড্রাগ পাচারচক্রের বিরুদ্ধে আরব সাগরে এক অভূতপূর্ব ও সাফল্যমণ্ডিত অভিযান চালাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) এবং গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS)। লাক্ষাদ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫২৬ কেজি অত্যন্ত শক্তিশালী মাদক হিরোইন ও মেথামফেটামিন, যার আনুমানিক বাজারমূল্য ৩,০০০ কোটি টাকারও বেশি। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি ইরানি নৌকা থেকে পাঁচ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
আকাশ ও সমুদ্রে রুদ্ধশ্বাস নজরদারি
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক সমুদ্রপথ ব্যবহার করে বিপুল পরিমাণ মাদক ভারতে বা অন্য কোনও দেশে পাচারের ছক কষা হচ্ছিল—এমন সুনির্দিষ্ট গোপন তথ্য আসে গোয়েন্দাদের কাছে। খবর পাওয়া মাত্রই গত ২৫ সেপ্টেম্বর থেকে আরব সাগরে বিশেষ নজরদারি শুরু করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জলপথের পাশাপাশি আকাশপথেও টহলদারি বাড়িয়ে নজর রাখা হচ্ছিল সন্দেহজনক জলযানের ওপর।
পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না
লাক্ষাদ্বীপের পশ্চিমে একটি সন্দেহজনক ইরানি নৌকার গতিবিধি লক্ষ করতেই সেটিকে থামার নির্দেশ দেয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় বাহিনীর জাহাজ দেখে নৌকার গতি বাড়িয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে তাতে থাকা পাঁচ সদস্য। কিন্তু বাহিনীর তৎপরতার সামনে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ধাওয়া করে নৌকাটিকে ঘিরে ফেলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং সেনাসদস্যরা নৌকায় উঠে তল্লাশি চালান। নৌকার গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় মোট ৫২৬ কেজি হিরোইন ও মেথামফেটামিন।
পাচারের গন্তব্য কোথায়? চলছে তদন্ত
নৌকায় থাকা পাঁচ পাকিস্তানি নাগরিককেই দ্রুত হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁদের পরিচয় ও ওই নৌকার সঠিক গতিপথ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া মেথামফেটামিন একটি অত্যন্ত বিপজ্জনক সিন্থেটিক ড্রাগ, যা আন্তর্জাতিক মাদকবাজারে ব্যাপক চড়া দামে বিকোয়। আরব সাগরকে রুট হিসেবে ব্যবহার করে কারা এই বিশাল অঙ্কের মাদক পাঠাচ্ছিল এবং ভারতে বা অন্য কোথায় এই মাদকের মূল গন্তব্য ছিল, তা জানতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।