শিক্ষকের সামনেই কোপ! সাউথ পয়েন্টে পড়ুয়াকে আক্রমণ সহপাঠীর, কাঠগড়ায় নিরাপত্তা
দক্ষিণ কলকাতা: ক্লাস চলাকালীন শিক্ষকের উপস্থিতিতেই সহপাঠীর উপর ধারালো অস্ত্রের হামলা! বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার নামজাদা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুলে এই মর্মান্তিক ঘটনায় তীব্র শোরগোল ছড়িয়ে পড়েছে। নবম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীকে সজোরে কোপ মারায় গুরুতর জখম ও রক্তাক্ত হয় আক্রান্ত পড়ুয়া।
ঠিক কী ঘটেছিল? স্কুল সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৯ মিনিট নাগাদ নবম শ্রেণির ক্লাসে দুই পড়ুয়ার মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বচসা শুরু হয়। কথাকাটাকাটির মাঝেই এক ছাত্র হঠাৎই সাথে আনা ধারালো বস্তু দিয়ে সহপাঠীর উপর হামলা চালায়। ঘটনার সময় শ্রেণীকক্ষেই শিক্ষক উপস্থিত ছিলেন।
রক্তাক্ত ছাত্রকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্কুলের ইনফার্মারিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি বুঝে স্কুলের শিক্ষক ও কর্মীরা তাকে দ্রুত ইএম বাইপাস সংলগ্ন রুবি হাসপাতালে নিয়ে যান এবং অভিভাবককে খবর দেন। আপাতত জখম ছাত্রের অবস্থা স্থিতিশীল।
অভিযুক্ত ছাত্র ও পুলিশের বক্তব্য: হামলার পরপরই অভিযুক্ত পড়ুয়াকে ক্লাস থেকে সরিয়ে নিয়ে যান শিক্ষকেরা। স্কুলের নিজস্ব মনস্তাত্ত্বিকদের (Psychologists) দিয়ে তার জরুরি কাউন্সেলিং করানো হয়। পরবর্তীতে খবর পেয়ে তার বাবা স্কুলে এলে ছাত্রটিকে তার হাতে তুলে দেওয়া হয়।
পুরো ঘটনা জানিয়ে গড়িয়াহাট থানায় একটি লিখিত রিপোর্ট পেশ করেছে স্কুল কর্তৃপক্ষ। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্ত ছাত্রটি অটিজমে আক্রান্ত বলে তাদের জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন: ক্লাস চলাকালীন কীভাবে পকেটে বা ব্যাগে ধারালো অস্ত্র নিয়ে শ্রেণীকক্ষে ঢুকে পড়ল এক ছাত্র? শিক্ষক উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এমন ঘটনা? নামী এই শিক্ষাপ্রতিষ্ঠানের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অন্য অভিভাবকদের একাংশ।