‘বাংলা ছিল জঙ্গিদের সেফ হেভেন!’ TMC-কে ‘টুকরে টুকরে গ্যাং’ বলে বিস্ফোরক অগ্নিমিত্রা

হাবড়া: রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ বাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে সরাসরি ‘টুকরে টুকরে গ্যাং’ বলে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় একাধিক সরকারি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে এসে বিগত সরকারের ভূমিকা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
উন্নয়ন প্রকল্পের জোড়া উপহার এদিন হাবড়ার ২২ নম্বর ওয়ার্ডের বাণীপুর মুক্তিধাম মহাশ্মশানে প্রায় ৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বৈদ্যুতিক চুল্লি এবং কেন্দ্র সরকারের ‘অম্রুত’ পানীয় জল সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী। হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল ও অশোকনগরের বিধায়ক সুময় হীরার উপস্থিতিতে এই প্রকল্পগুলির উদ্বোধন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়ে।
তৃণমূলকে ‘টুকরে টুকরে গ্যাং’ কটাক্ষ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, তৃণমূল কংগ্রেস রাজ্য রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়া এই দলকে নিশানা করে তিনি বলেন, “তৃণমূল এখন টুকরে টুকরে গ্যাংয়ে পরিণত হয়েছে। দিল্লিতে তারা কী বৈঠক করল, তাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না। আগামী উপনির্বাচনে রাজ্যের মানুষ বিজেপির পক্ষেই রায় দেবে।”
শিল্পায়ন ও জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বড় দাবি রাজ্যের বন্ধ কারখানাগুলির পুনরুজ্জীবন প্রসঙ্গে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার রাজ্যে নতুন শিল্প স্থাপনে সব রকম সহযোগিতা করছে। শুধু সাইকেল কারখানা নয়, বন্ধ থাকা হিন্দুস্তান কেবলসসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলি পুনরায় চালু করার সম্ভাবনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এর পাশাপাশি রাজ্য থেকে জঙ্গি অনুপ্রবেশ ইস্যুতে বিগত সরকারকে তীব্র আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, গত দেড় দশক ধরে রাজনৈতিক মদতে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। তবে বর্তমান সরকার সীমান্ত অঞ্চলের মাদ্রাসাগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে এবং জঙ্গি কার্যকলাপ প্রতিরোধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।