সরকারি হাসপাতালে বেড নেই? সোজা প্রাইভেটে ফ্রি চিকিৎসা! রাজ্য স্বাস্থ্য দপ্তরের বড় মাস্টারস্ট্রোক

কলকাতা: সরকারি হাসপাতালে বেড না পেয়ে ঘুরে ঘুরে রোগীর মৃত্যু— কোভিডের সময় থেকে এই অভিজ্ঞতা কমবেশি সবারই জানা। তবে এবার সেই দুর্ভোগে ইতি টানতে বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতার প্রধান সরকারি মেডিক্যাল কলেজগুলোতে বেড না থাকলে রোগীরা চিকিৎসা পাবেন শহরেরই নামীদামী বেসরকারি হাসপাতালে।
কীভাবে কাজ করবে এই নতুন পরিষেবা? সরকারি হাসপাতালে বেডের অভাব থাকলে রোগীকে আর অন্য কোথাও ঘুরে মরতে হবে না বা ‘রেফার’ করা হবে না। হাসপাতালের তরফে রোগীর শারীরিক সমস্যার যাবতীয় তথ্য স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে পাঠানো হবে। এরপর একজন নোডাল অফিসার রোগীর ‘কেস সামারি’ দেখে উপযুক্ত প্রাইভেট হাসপাতালে বেড চূড়ান্ত করে দেবেন।
কোন সরকারি হাসপাতালের সাথে জুড়ল কোন প্রাইভেট হাসপাতাল? স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, কলকাতার মেডিক্যাল কলেজগুলির সাথে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালগুলির ট্যাগিং করা হয়েছে:
- কলকাতা মেডিক্যাল কলেজ: সল্টলেক মণিপাল (প্রাক্তন আমরি) হাসপাতাল
- ন্যাশনাল মেডিক্যাল কলেজ: ঢাকুরিয়া মণিপাল হাসপাতাল
- আরজি কর মেডিক্যাল কলেজ: সল্টলেক আইএলএস (ILS) হাসপাতাল
- সাগর দত্ত মেডিক্যাল কলেজ: বেলঘরিয়া জেনিথ হাসপাতাল
- এনআরএস মেডিক্যাল কলেজ: অ্যাপোলো হাসপাতালের সাথে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই এটিও চূড়ান্ত হবে।
কেন সরকারি রোগীদের বেড দেবে বেসরকারি হাসপাতাল? ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট ২০১৭ এবং তৎকালীন সরকারি চুক্তি অনুযায়ী, ইএম বাইপাসের ধারের এই জমিগুলো বেসরকারি হাসপাতালগুলোকে দেওয়ার সময় শর্ত ছিল— মোট বেডের অন্তত ১০% ছাড় বা বিনাপয়সায় সরকারি রোগীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। এতদিনে সেই সুবিধা পুরোপুরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।