পাহাড়ের ইকোসিস্টেমে বড় ধাক্কা! দার্জিলিঙে বিলুপ্তির মুখে বিরল ‘হিমালয়ান ফ্রগ’, ডিএনএ বিশ্লেষণে চাঞ্চল্য

পাহাড়ের ইকোসিস্টেমে বড় ধাক্কা! দার্জিলিঙে বিলুপ্তির মুখে বিরল ‘হিমালয়ান ফ্রগ’, ডিএনএ বিশ্লেষণে চাঞ্চল্য

দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি অঞ্চলে পরিচিত ‘সিসনে পাহা’ বা মার্বেল্‌ড ক্যাসকেড ফ্রগ বর্তমানে মারাত্মক অস্তিত্ব সঙ্কটের মুখে পড়েছে। সাম্প্রতিক একটি বৈজ্ঞানিক গবেষণায় জানা গিয়েছে, এশিয়ার অন্যান্য অঞ্চলের তুলনায় এই প্রজাতির জিনগত বৈচিত্র অত্যন্ত কম এবং ভৌগোলিকভাবে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। কলকাতা বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও ভারতীয় প্রাণীবিজ্ঞান সর্বেক্ষণের ১২ জন বিজ্ঞানীর যৌথ উদ্যোগে পরিচালিত এই ডিএনএ বিশ্লেষণে উঠে এসেছে যে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের খুবই সীমিত। আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল বিএমসি জেনোমিক্স-এ প্রকাশিত এই তথ্য গবেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

প্রাকৃতিক সঙ্কটের পাশাপাশি স্থানীয় মানুষের খাদ্যাভ্যাসও এই উভচর প্রাণীর বিলুপ্তির পথ ত্বরান্বিত করছে। পাহাড়ি এলাকায় উপাদেয় খাবার হিসেবে জনপ্রিয় হওয়ায় বর্ষাকালে নদীর ধারা ও পাথরের খাঁজ থেকে নির্বিচারে শিকার করা হচ্ছে এই ব্যাঙ। বিজ্ঞানীদের মতে, পূর্ব হিমালয়ের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে অবিলম্বে এই প্রজাতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন, অন্যথায় প্রকৃতির কোল থেকে চিরতরে হারিয়ে যাবে এই অমূল্য জীববৈচিত্র্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *