অনুমতি ছাড়া ফ্ল্যাট চত্বরে দুর্গাপুজো নয়! কলকাতা হাইকোর্টের বড় নজির গড়া সিদ্ধান্ত

কলকাতা: ফ্ল্যাট বা আবাসন চত্বরে কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই দুর্গাপুজোর আয়োজন করা যাবে না। কলকাতার মুচিপাড়া থানা এলাকার একটি পুজো বন্ধের নির্দেশ দিয়ে এমনই তাৎপর্যপূর্ণ রায় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। মূলত ১৩৩-এ রাজা রামমোহন সরণির একটি ফ্ল্যাটের কমন এরিয়ায় ওনার্স অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই স্থানীয় একটি ক্লাব পুজো করার তোড়জোড় শুরু করেছিল। আবাসন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জোরপূর্বক এই আয়োজনের বিরুদ্ধে ফ্ল্যাট মালিকদের একাংশ আইনি লড়াইয়ে নামেন।
আদালতে পাঁচজন ফ্ল্যাট মালিক অভিযোগ করেন, স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অপরদিকে ক্লাবের দাবি ছিল, আবাসনটি গড়ে ওঠার আগে থেকেই জমির মালিকের অনুমতি নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে সেখানে পুজো করে আসছেন। তবে উভয় পক্ষের বক্তব্য বিবেচনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, আবাসিকদের আপত্তি থাকলে সেখানে পুজোর অনুমোদন দেওয়া সম্ভব নয়। আদালতের এই নির্দেশ আবাসিক এলাকার শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি বড় সিদ্ধান্ত হয়ে রইল।