পুজোর ঠিক মুখেই বদলে যাচ্ছে আবহাওয়া, আজ থেকেই বৃষ্টির আশঙ্কায় বিঘ্নিত হতে পারে প্রস্তুতি

এক বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দোরগোড়ায় হাজির দুর্গাপুজো। চারদিকে মণ্ডপ সজ্জা ও উৎসবের চূড়ান্ত ব্যস্ততার মাঝেই রাজ্যবাসীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়ার হঠাৎ ভোলবদল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলের দিকে এগোতে এগোতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে এর প্রভাবে মেঘলা আকাশের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শুক্রবার পর্যন্ত বজায় থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। তবে রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বর্ষণের বড় সতর্কবার্তা না থাকলেও পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা ও মণ্ডপ নির্মাণে এই আবহাওয়া কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।